পানি নেই তিন সপ্তাহ ৭৫ প্রতিবন্ধী বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সরকারি অন্ধ, মূক ও বধির বিদ্যালয়ের হোস্টেলে পানি তোলার বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে যাওয়ায় গত তিন সপ্তাহ ধরে সেখানে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের মধ্যে ১৯ জন দৃষ্টিপ্রতিবন্ধী।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের চারটি হোস্টেলে শিক্ষার্থী রয়েছে। তাদের দেখভাল করার জন্য শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারও আবাসিক ভবনে থাকে। তাদের পানি সরবরাহের জন্য ১৯৮৩ সালে একটি বৈদ্যুতিক মোটর বসানো হয়েছিল। তিন সপ্তাহ ধরে এটি নষ্ট। পানি সরবরাহ না থাকায় হোস্টেলগুলোর শিক্ষার্থী ও আবাসিক ভবনের বাসিন্দারা খাওয়াদাওয়া, গোসল ও শৌচাগার ব্যবহার নিয়ে যারপরনাই বিপাকে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। অন্যরা বাইরে গেলেও কারও সাহায্য ছাড়া যেতে পারছে না। হোস্টেল প্রাঙ্গণে একটি নলকূপ ছিল। সেটিও নষ্ট। সিটি করপোরেশনের পানির লাইন থাকলেও সব সময় এই লাইনে পানি পাওয়া যায় না।নগরের ষষ্ঠীতলা এলাকার ওই বিদ্যালয়ের পাশে একটি কুয়া রয়েছে। গত শনিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়ার কাছে গিয়ে থালাবাটি হাতে দাঁড়িয়ে আছে। মূক ও বধির শিক্ষার্থীরা কুয়া থেকে পানি তুলছে। তাদের সাহায্য নিয়ে সেই পানি ব্যবহার করছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। বেশি ভোগান্তিতে পড়েছে শিশুশিক্ষার্থীরা। তারা অনেক নিচ থেকে পানি তুলতে হিমশিম খাচ্ছে। সেখানে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র টুটুল হোসেন বলে, ‘পানি ছাড়া কি এভাবে বাঁচা যায়?’ দ্বিতীয় শ্রেণীর ছাত্র দৃষ্টিপ্রতিবন্ধী মানিক প্রামাণিক জানায়, তিন সপ্তাহ ধরে সে কাপড় ধুতে পারেনি।বিদ্যালয়ের শিক্ষক গোলাম নবী জানান, নিয়ম অনুযায়ী এই প্রতিষ্ঠানের কিছু নষ্ট হলে গণপূর্ত অধিদপ্তরকে জানাতে হয়। মোটরটি নষ্ট হওয়ার পর গণপূর্ত অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ে জানানো হয়েছিল। তারা এসে যন্ত্রটি নিয়ে গেছে। কবে মেরামত হবে, তাঁরা জানেন না। তিনি আরও জানান, হোস্টেল এলাকায় দুর্গন্ধে যাওয়া যাচ্ছে না। সেখানে প্রতিবন্ধী শিশুরা অনেক কষ্টে আছে।