পানি নেই স্যার সলিমুল্লাহ ও মিটফোর্ড স্টাফ কোয়ার্টারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কেরানীগঞ্জের আগানগর স্টাফ কোয়ার্টারের ছয়টি ভবনের বাসিন্দারা তীব্র পানি-সংকটে ভুগছে। এতে কোয়ার্টারে বসবাসকারী পাঁচ শতাধিক লোক চরম দুর্ভোগে আছে। কলেজ কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্তে কর্মচারীদের এই দুর্ভোগ হচ্ছে।
কোয়ার্টারের বাসিন্দারা জানান, আগানগরে ছয়টি ভবন রয়েছে। এর মধ্যে তিনটির মালিক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং অন্য তিনটি মিটফোর্ড হাসপাতালের। ভবন চালুর পর থেকে কোয়ার্টারে সরবরাহকৃত পানির পাম্প পরিচালনার বিদ্যুৎ বিল কলেজ কর্তৃপক্ষ বহন করে আসছে। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ কলেজের ছাত্রী হোস্টেলসহ আরও কিছু স্থানের বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে। বিষয়টি প্রায় ৩৮ বছর ধরে চলে আসছে। এ নিয়ে কোনো অডিট আপত্তিও নেই। কিন্তু বর্তমান অধ্যক্ষ জুন মাস থেকে যোগদানের পর থেকে বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে দেন। এতে আট মাসে প্রায় আড়াই লাখ টাকা বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
কর্মচারীরা জানান, কোয়ার্টারে যাঁরা বসবাস করছেন, তাঁদের নিজস্ব বিদ্যুতের মিটার রয়েছে। তাঁরা আলাদা আলাদা বিল পরিশোধ করে আসছেন। পাম্প পরিচালনার বিল কর্মচারীদের কত টাকা করে পরিশোধ করতে হবে, সে বিষয়ে সুরাহা না করেই হঠাৎ বিল দেওয়া বন্ধ করে দেওয়ায় কর্মচারীদের দুর্ভোগ নেমে আসে।
জানতে চাইলে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার বলেন, কেরানীগঞ্জের কোয়ার্টারের পানির পাম্প পরিচালনার মিটারটি কলেজের নামে। দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষ পানির পাম্প পরিচালনার বিল দিয়ে আসছে। হঠাৎ সেটির বিল বন্ধ করে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি তিনি কলেজের উপাধ্যক্ষকে বলেছেন। কিন্তু কোনো কাজ হয়নি বলে জানান।
গতকাল সন্ধ্যার দিকে জানতে চাইলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ বেল্লাল আলম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’