ছড়ার পানি শুকিয়ে যাওয়ায় রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস ধরে পানি সরবরাহ বন্ধ। এতে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান পাহাড়ি এলাকায় হওয়ায় রিংওয়েল কিংবা টিউবওয়েল বসানোর সুযোগ নেই। সে জন্য এক কিলোমিটার দূরের পাহাড়ি ছড়া থেকে পাইপলাইনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ করা হয়। সম্প্রতি ছড়ার পানি শুকিয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত মাসের শুরুতে ছড়ার পানি কমে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সেও পানি সরবরাহও কমে যায়। জানুয়ারির মাঝামাঝি থেকে পানি সরবরাহ একেবারেই বন্ধ হয়ে গেছে। পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা।
উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া গ্রামের বাসিন্দা মো. হান্নান সরকার বলেন, তিনি এক সপ্তাহ আগে ভর্তি হয়েছেন। চিকিৎসাসেবা পেলেও পানি-সংকটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি বলেন, দুর্গন্ধে শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
রোগীর স্বজন দয়াময় চাকমা বলেন, সরকারি হাসপাতালে পানি নেই, তা মেনে নেওয়া যায় না। পানি না থাকায় তাঁরা প্রায় দেড় কিলোমিটার দূরের নদী থেকে পানি এনে ব্যবহার করছেন। এভাবে চলতে থাকলে রোগীর সঙ্গে আসা স্বজনেরাও অসুস্থ হয়ে পড়বে।
বরকল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা বলেন, যেখানে স্বাস্থ্য কমপ্লেক্স করা হয়েছে, সেখানে রিংওয়েল কিংবা টিউবওয়েল বসানোর কোনো সুযোগ নেই। পাহাড়ের বন উজাড় হওয়ায় এখন ছড়াগুলোতে বর্ষা মৌসুম ছাড়া পানি থাকে না। দু-একটি ছড়া ছাড়া বরকলের সব ঝরনা ও ঝিরি শুষ্ক মৌসুমের আগেই শুকিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুইমিপ্রু রোয়াজা বলেন, ছড়া শুকিয়ে যাওয়ায় হাসপাতালে পানির সংকট দেখা দিয়েছে। পানির অভাবে শুধু রোগী বা তাদের স্বজনেরা নয়, চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।