চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিন ধরে পানি নেই। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সা নিতে আসা রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৬ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সের পানি সরবরাহের একমাত্র পাম্প বিকল হয়ে যায়। এরপর পাম্পটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত এটি সচল হয়নি।গত রোববার সরজমিনে দেখা গেছে, পুরুষ ওয়ার্ডে ১৭ জন এবং মহিলা ওয়ার্ডে ১৯ জন রোগী ভর্তি আছে। পুরুষ ওয়ার্ডের ১ নম্বর শয্যায় চিকিৎ সাধীন বড়কুল (পূর্ব) ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কুদ্দুছ বলেন, ‘পাঁচ দিন হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। বাইরের নলকূপ থেকে পানি এনে খাই। পানি না থাকায় দুর্গন্ধে ওয়ার্ডের বাথরুমগুলোয় যাওয়া যায় না। অনেক রোগী ভর্তি হয়ে দু-এক দিন থেকে পানির অভাবে চিকিৎ সা না নিয়েই বাড়ি ফিরে গেছেন।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোগী অভিযোগ করে বলেন, এখানে পানি নেই, ওষুধ নেই, সেবা নেই। হাসপাতালে রোগী ভর্তি হওয়ার পর যথাযথ সেবা ও চিকিৎ সা পায় কি না, এসব দেখারও কেউ নেই। স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া তাহেরা বেগম বলেন, ‘১০ দিন ধরে পানি নেই। নলকূপ থেকে বালতি করে পানি তিনতলায় ওঠাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। একটি পাম্প ঠিক করে আনতে এত দিন লাগবে কেন?’নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় থাকা একাধিক চিকিৎ সক ও কর্মচারী জানান, পুকুর ও নলকূপ থেকে বাসার জন্য পানি টানতে টানতে তাঁদের হাতের অবস্থা খারাপ হয়ে গেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত বলেন, পাম্পটি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানানো হয়েছিল। এটি মেরামতের জন্য নেওয়া হয়েছে। খুব শিগগির পাম্পটি সচল করা হবে এবং পানির সমস্যা থাকবে না।