সরবরাহ লাইন বন্ধ হয়ে যাওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ১৫ দিন ধরে পানি নেই। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও রোগীরা।হাসপাতালের সুপার ছুটিতে রয়েছেন এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তার দুটি পদই শূন্য। ফলে পানির সমস্যা সমাধানে যথাযথ প্রক্রিয়ায় দাপ্তরিক উদ্যোগও নেওয়া হয়নি।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল জুড়ে দুর্গন্ধময় পরিবেশ। পানি না থাকায় হাসপাতাল ধোয়া-মোছার কাজ বন্ধ রয়েছে। সদর উপজেলার শোলমারী গ্রামের শেফালী খাতুন বলেন, তাঁর মেয়ের বাচ্চা হয়েছে। শহরে তাঁদের কোনো আত্মীয়স্বজন নেই। পানি না থাকায় গোসল করার উপায় নেই। খাবার জন্য প্রতিদিন বাইরে থেকে তাঁদের পাঁচ-ছয় বোতল পানি কিনতে হচ্ছে।হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মৃণাল চন্দ্র মণ্ডল বলেন, হাসপাতালের সুপার ছুটিতে এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) দুটি পদই শূন্য। ফলে সমস্যা সমাধানে দাপ্তরিক কোনো উদ্যোগ নেই।ভারপ্রাপ্ত আরএমও বিপুল কুমার বিশ্বাস বলেন, মূল সরবরাহ লাইন থেকে হাসপাতালের সংযোগ লাইনে নোংরা এবং আয়রন জমে ১ জুলাই থেকে পানির প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য মেহেরপুর পৌরসভা, জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ বলেন, হাসপাতালের পানি সরবরাহ লাইনটি মেরামতের দায়িত্ব গণপূর্ত বিভাগের। তবে বিষয়টি তাদের অজানা ছিল। লাইনটি মেরামতে গণপূর্ত বিভাগ কোনো উদ্যোগ না নিলে পৌরসভা লাইনটি মেরামতের উদ্যোগ নেবে।গণপূর্ত বিভাগের মেহেরপুর কার্যালয়ের প্রধান নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ বলেন, হাসপাতালের পানির লাইন মেরামতের দায়িত্ব তাঁদের নয়। এ দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও বিপুল কুমার বিশ্বাস বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কার্যালয় চুয়াডাঙ্গা বা মেহেরপুরে নেই। তাই তাদের বিষয়টি জানানো হয়নি।