পানি নেমে গেছে, ঘরে ফিরছে মানুষ
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যাকবলিত ছয়টি ইউনিয়ন থেকে পানি নেমে গেছে। তাই বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ডের জামালপুর কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার কমে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাহাদুরাবাদ পয়েন্টে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার থেকে যমুনার পানি বেড়ে উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলি, সাপধরী, কুলকান্দি, পাথর্শী ও বেলগাছা ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। গতকাল সকালের দিকে এসব গ্রাম থেকে পানি নেমে গেছে। ফলে যেসব মানুষ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু রাস্তার ওপর আশ্রয় নিয়েছিল, তারা ঘরে ফিরতে শুরু করেছে। তবে এখন সেখানে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।