পানি নেমে দনিয়া সড়কে শুধুই গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব দোলাইরপাড়ের দনিয়া সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা কমেছে। তবে সড়কের বিভিন্ন স্থানে ইটপাথর উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের কয়েকটি স্থান এখন যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
দনিয়া সড়ক-সংলগ্ন কুতুবখালী খালে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে। খালের ওপর বাঁশের খুঁটি পুঁতে তৈরি করা হয়েছে শতাধিক অবৈধ দোকানপাট। ফলে খালের পানি উপচে সড়কে এসে আটকে গিয়ে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল৷ গত ১৭ জুলাই প্রথম আলোতে ‘দনিয়া সড়কে তিন মাস ধরে জলাবদ্ধতা’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে প্রায় চার মাস ধরে এই সড়কে পথচারীদের চলাচল বন্ধ ছিল। এখন জলাবদ্ধতা নেই বললেই চলে। তবে বৃষ্টি হলে আবার সড়কে পানি উঠে আসে। আর জলাবদ্ধতার কারণে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায়ই যানবাহন পড়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। কিন্তু সড়ক মেরামতের কোনো ব্যবস্থা নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে দনিয়া সড়কের দোলাইরপাড় ওয়াসার পানির পাম্প (জোন-৭) পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কুতুবখালী খালের ময়লা পানি সড়কে ছুঁইছুঁই অবস্থা। কয়েকটি স্থানে পানি জমে রয়েছে। এর মধ্যেই হেলেদুলে চলছে যানবাহন। সড়কের দক্ষিণ পাশের বাড়ির দেয়ালে জলাবদ্ধতার পানির ছাপ লেগে রয়েছে। এ ছাড়া সড়ক-সংলগ্ন কুতুবখালী খালের ওপর বাঁশ পুঁতে তৈরি করা হয়েছে শতাধিক দোকানপাট। এসব দোকানের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে খালের ভেতর। ফলে পুরো খালটি আবর্জনায় ভরা। পানিতে পোকামাকড় ছড়িয়ে রয়েছে।
দনিয়া সড়কের বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, এই খালের পানিপ্রবাহের পথ (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন) কুতুবখালী এলাকায়। কিন্তু খালটি আবর্জনায় ভরে যাওয়ায় এখন পর্যাপ্ত পানি সরতে পারে না। ডিএসসিসি বা ওয়াসা কর্তৃপক্ষও খালটি পরিষ্কার করছে না। দনিয়া সড়ক থেকে খালের পানি নেমে গেলেও খানাখন্দের কারণে ঠিকমতো যান চলাচল করতে পারছে না। অবিলম্বে সড়কটি সংস্কার করা দরকার।
জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বিজয় কৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, দনিয়া সড়কটি দনিয়া ইউনিয়ন থেকে সম্প্রতি ডিএসসিসির অধীনে আনা হয়েছে। কিন্তু সড়কটি সংস্কারে এখনো কোনো বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দ পেলে সংস্কার করা হবে। তবে কবে নাগাদ সংস্কার করা হবে, তা তিনি বলতে পারেননি।