পানি পরিষ্কার, কিন্তু খাওয়ার জো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারী বৃষ্টির পর ড্রেনের পানি উপচে সড়কের ওপর জমলে সে পানি থেকে যে দুর্গন্ধ আসে, বাসার কলে আসা পানিতেও একই দুর্গন্ধ। এ পানি ঘরের কাজেও ব্যবহার করা যায় না।’ কথাগুলো বলছিলেন সিদ্ধেশ্বরী লেনের বাসিন্দা জাহিদ হায়দার। এ বিষয়ে ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও গতকাল বুধবার পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানান তিনি।

মৌচাক-সংলগ্ন সিদ্ধেশ্বরী লেনের বাসিন্দারা ১৫-২০ দিন ধরে পানিতে দুর্গন্ধ পাচ্ছেন। প্রথম দিকে আসা পানি এখনকার চেয়ে আরও বেশি নোংরা ও দুর্গন্ধযুক্ত ছিল। এখন যে পানি আসে, সেগুলো আগের চেয়ে কিছুটা পরিষ্কার হলেও দুর্গন্ধ যায়নি।

জাহিদ হায়দার প্রথম আলোকে বলেন, ‘বাসার লাইনের পানি দেখতে আপাতভাবে পরিষ্কার মনে হয়, তবে সেগুলো খাওয়া যায় না। আর এ পানিতে গোসল করার পর গা চুলকায়। কাপড় ধোয়ার পর সেগুলো আবার স্যাভলন দিয়ে ধুয়ে নিতে হয়। এ পানিতেই ঘরের অন্যান্য কাজ চালাতে হচ্ছে। তবে খাওয়ার জন্য পানি কিনে আনি।’ তিনি বলেন, এলাকার বিভিন্ন বাসায় কাজ করা গৃহকর্মীদের কাছ থেকেও তিনি অন্য বাড়ির পানিতে দুর্গন্ধের কথা শুনেছেন।

প্রায় ১০ দিন আগে ওয়াসা নমুনা হিসেবে এক বোতল পানি নিয়ে গেছে। তবে এখনো পর্যন্ত তার কোনো ফল তাঁরা পাননি।

নাম প্রকাশ না করার শর্তে এক বাড়ির মালিক জানান, পানির সমস্যা দূর করার জন্য এক মন্ত্রীকেও জানিয়েছিলেন তিনি। কিন্তু সমস্যার সমাধান হয়নি।

ঢাকা ওয়াসার (মডস জোন ৬ ফকিরাপুল) উপসহকারী প্রকৌশলী ফজলে রাব্বি বলেন, সিদ্ধেশ্বরী লেনের বাড়িগুলোর পানিতে দুর্গন্ধের কথা শুনেছেন গত বৃহস্পতিবার থেকে। এ কারণে গত মঙ্গলবার এলাকায়ও গিয়েছেন। বৃষ্টির কারণে কাজ করতে পারছিলেন না। আজ (বুধবার) থেকে পানির লাইনের কাজ শুরু হয়েছে। এ সমস্যা আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে।