পানি পরীক্ষা করেই কলেরার প্রাদুর্ভাবের পূর্বাভাস মিলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেরার জীবাণু ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া সাধারণ অবস্থায় মানুষকে কাবু করতে পারে না। তবে একই সঙ্গে টিএলসি ও টিটিএক্স ভাইরাস আক্রমণ করলে ভয়াবহ রূপ নেয় এই ব্যাকটেরিয়া। তখনই কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেন। গবেষণাটির সঙ্গে জড়িত বিজ্ঞানীরা বলছেন, পানি পরীক্ষা করে যদি কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়া ও বিশেষ ভাইরাসের উপস্থিতি দেখা যায়, তবে কলেরার প্রাদুর্ভাব হবে কি না, তা আগে থেকেই জানা যাবে।আইসিডিডিআরবির মলিক্যুলার জেনেটিক্স বিভাগের প্রধান শাহ মোহাম্মদ ফারুকের নেতৃত্বে প্রতিষ্ঠানের তিনজন বিজ্ঞানী দুই বছর ধরে গবেষণাটি করেন। তাঁদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানী জন ম্যাকালেনোস। গত বুধবার প্রখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার-এ এই গবেষণার ফল প্রকাশিত হয়।গবেষক দলের প্রধান শাহ মোহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, সাধারণ অবস্থায় পুকুর, নদী ও খালের পানিতে ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া এবং টিএলসি ও টিটিএক্স ভাইরাস থাকে। তবে পানিতে শুধু এই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস থাকলে কলেরা হওয়ার সম্ভাবনা নেই। একই পানিতে দুটোরই উপস্থিতি থাকলে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়।