জয়পুরহাটের কালাই উপজেলায় আর্সেনিকে আক্রান্ত রোগী ও কিছু এলাকাকে আর্সেনিকের ঝুঁকিপ্রবণ এলাকা হিসেবে শনাক্ত করার পরও টিউবওয়েলের পানি পরীক্ষার ব্যবস্থা নেই। পরীক্ষা ছাড়াই টিউবওয়েলের পানি পান করায় বর্তমানে প্রায় দেড় লাখ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে বসবাস করছে। এদিকে আর্সেনিক প্রতিরোধ নিয়ে গত সোমবার অনুষ্ঠিত এক সেমিনারে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিউবওয়েলের পানি পরীক্ষার ব্যবস্থা না থাকায় আর্সেনিকের সঠিক চিত্র উপস্থাপন করতে পারেননি।উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশলীর দায়িত্বে ছিলেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর আগেই কালাই উপজেলার কিছু কিছু এলাকার মানুষ আর্সেনিকের ঝুঁকির মধ্যে ছিল। হালনাগাদ টিউবওয়েলের পানি পরীক্ষার ব্যবস্থা না থাকায় গোটা উপজেলার মানুষই এখন আর্সেনিকের ঝুঁকির মধ্যে রয়েছে।’উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ ও জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান অভিযোগ করেন, ‘পানি পরীক্ষার উদ্যোগ না নিয়ে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিভাগ আর্সেনিক প্রতিরোধে যে কার্যক্রম চালাচ্ছে, সেটা কাজে আসবে বলে মনে হয় না।’স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় আর্সেনিক প্রকল্পের বিশেষজ্ঞ নাহিদ রায়হান সেমিনারে বলেন, ‘তথ্য-উপাত্ত অনুযায়ী এ উপজেলায় এ পর্যন্ত সাতজন আর্সেনিকে আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে। একজন রোগী ধরা পড়লেও ওই উপজেলাকে আর্সেনিকের ঝুঁকিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা যায়। সেই হিসেবে কালাই উপজেলা এখন আর্সেনিকের ঝুঁকিপ্রবণ এলাকা।’সেমিনারে কালাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আমিনুর রহমান টিউবওয়েলের পানি পরীক্ষায় তাঁর দপ্তরের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘প্রয়োজনীয় লোকবল এবং উপকরণের অভাবে উপজেলার আর্সেনিক পরিস্থিতির হালনাগাদ চিত্র জানা নেই। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ টিউবওয়েলের পানি পরীক্ষার উদ্যোগ নিতে পারে।’কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবু হোসেন মণ্ডল বলেন, ‘টিউবওয়েলের পানি পরীক্ষা করা স্বাস্থ্য বিভাগের কাজ নয়। স্বাস্থ্য বিভাগ আর্সেনিকে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়াসহ এ রোগ প্রতিরোধে সভা-সেমিনারের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, ‘আর্সেনিক প্রতিরোধে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের কাজে সমন্বয় প্রয়োজন।’