পানি পান করছেন না শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির ট্যাংকে গলিত লাশ আছে—এমন গুজবে দুই দিন ধরে পিরোজপুর পৌরসভার সরবরাহ করা পানি পান করছেন না শহরবাসী। তবে গতকাল শনিবার পৌরবাসীকে গুজবে কান না দেওয়ার জন্য শহরে মাইকিং করেছে পৌর কর্তৃপক্ষ।
পৌরবাসী জানান, গত শুক্রবার সকালে পৌরসভার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ পাওয়া যায়। এর পর থেকে পানির ট্যাংকে মানুষের গলিত লাশ আছে—এমন গুজব ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পানি সরবরাহ কেন্দ্রের ট্যাংকে তল্লাশি করে লাশের অস্তিত্ব পায়নি।
পানি সরবরাহ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, বেশ কিছুদিন ধরে পরিষ্কার না করায় ট্যাংকে ময়লা ও শেওলা জমেছে। সম্প্রতি একটি শক্তিশালী পাম্প বসানো হলে ময়লাগুলো ছড়িয়ে পড়ে৷ এতে পানিতে গন্ধ ছড়িয়ে পড়ে৷
পিরোজপুর সদর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়নি।
পৌরসভার মেয়র হাবিবুর রহমান বলেন, ‘শহরে মাইকিং করে পৌরবাসীকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। এখন পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত পানি সরবরাহ করা হচ্ছে।’