পানি পান করে রোজ ড্রেসেসের শ্রমিকেরা আবার অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি পান করে আবারও অসুস্থ হয়ে পড়েছেন ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার দ্য রোজ ড্রেসেস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার অসুস্থ হওয়ার পর দুই শতাধিক শ্রমিককে আশুলিয়ার নারী ও শিশুস্বাস্থ্যকেন্দ্র এবং নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।কারখানাটির মালিক তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম। ওই কারখানায় সাত থেকে আট হাজার শ্রমিক কাজ করেন।এর আগে গত শুক্রবার রাতে নাশতা খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রোজ ড্রেসেসের প্রায় ১০০ জন শ্রমিক। এ কারণে শনিবার কারখানাটি বন্ধ রাখা হয়। পরদিন রোববার কারখানায় কাজে যোগ দিয়ে পানি পান করে অসুস্থ হয়ে পড়েন তিন শতাধিক শ্রমিক। এ কারণে রোববার ও সোমবার কারখানায় ছুটি ঘোষণা করা হয়। নারী ও শিশুস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজন শ্রমিক জানান, সকালে কিছু সময় কাজ করার পর তাঁরা কারখানার ট্যাপের পানি পান করেন। এরপর অনেকের গলা থেকে পেট পর্যন্ত প্রচণ্ড জ্বলুনি শুরু হয়ে বমি হতে থাকে। অনেকে অচেতন হয়ে পড়েন।পানির নমুনা আইইডিসিআরে: রোজ ড্রেসেসের পানি পরীক্ষার জন্য আশুলিয়া থানার পুলিশ নমুনা সংগ্রহ করে গত সোমবার আদালতের অনুমতি নিয়ে রাজধানীর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, পরীক্ষার ফল পাওয়ার পরই বোঝা যাবে পানিতে কোনো বিষক্রিয়া ছিল কি না।