পানি পান করে ৩০০ পোশাক শ্রমিক অসুস্থ
গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় গতকাল বুধবার একটি কারখানায় পানি পান করে ওই কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানায় পানি পান করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আস্তে আস্তে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় বেলা পৌনে একটার দিকে কারখানার অন্য শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও কারখানার শ্রমিকেরা অ্যাম্বুলেন্স, পিকআপ ভ্যান ও রিকশাভ্যান দিয়ে অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান।
ওই কারখানার সহকারী ব্যবস্থাপক আর এ সোহেল বলেন, বেলা ১১টার দিকে কারখানার মেডিকেলে প্রায় ৮০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে কারখানা ছুটি দেওয়া হলে শ্রমিকেরা রাস্তায় ও বাড়িতে অসুস্থ হলে তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।