পানি প্রবাহের পর্যাপ্ত তথ্য আশা করছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতে ইয়ারলুং সাংপো হিসেবে পরিচিত ব্রহ্মপুত্র নদের ওপর চীন তার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের কাজ গত রোববার থেকে শুরু করেছে। তবে চীনের সঙ্গে ব্রহ্মপুত্রের পানির প্রবাহ নিয়ে সমঝোতা থাকায় বাংলাদেশ এ বিষয়ে বিস্তারিত তথ্য দেশটির কাছে আশা করছে।
উজানে এভাবে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ফলে ভাটির দেশ ভারত ও বাংলাদেশে পরিবেশগত প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এমন আশঙ্কা আছে পরিবেশবাদীদের মধ্যে। ভারত এই প্রকল্প নিয়ে আগেই তাদের আপত্তি জানিয়েছে। যদিও চীনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে, অভিন্ন নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করতে গিয়ে প্রতিবেশী দেশগুলোর ওপর কী প্রভাব পড়ছে সে বিষয়ে চীন সজাগ রয়েছে।
বাংলাদেশের মোট নদীর পানির প্রায় ৬৫ ভাগই ব্রহ্মপুত্র থেকে আসে।
বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন সদস্য গতকাল বুধবার প্রথম আলোকে টেলিফোনে বলেন, ‘অতীতে বন্যার অন্যতম প্রধান কারণ হিসেবে ব্রহ্মপুত্র নদীটিই চিহ্নিত। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে এই নদীর পানির প্রবাহবিষয়ক তথ্য সরবরাহে যৌথ নদী কমিশনের সঙ্গে চীনের একটি সমঝোতা হয়। ১৫ এপ্রিলে তা কার্যকর হয়। এর আওতায় চীন বাংলাদেশকে ব্রহ্মপুত্রের পানির স্তর, নদী অববাহিকায় বৃষ্টিপাতের মোট পরিমাণ এবং উত্তরাঞ্চল থেকে তার বয়ে যাওয়ার বিষয়ে তথ্য দেওয়ার কথা আছে।’
তবে একটি কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিয়েছে যে চীনের সঙ্গে নদী বিষয়ে এই একটি মাত্র সমঝোতা ততটা কার্যকর নয়। বাংলাদেশ সরকার মনে করে, বন্যার পূর্বাভাস সঠিকভাবে নিরূপণের জন্য ব্রহ্মপুত্রের পানির প্রবাহ বিষয়ে চীনের কাছ থেকে বিস্তারিত তথ্য জানা দরকার।
২০০৬ সালে একটি বড় ধরনের বন্যার প্রেক্ষাপটে বাংলাদেশ চীনের সঙ্গে ওই সমঝোতা করেছিল। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ওই বন্যায় বাংলাদেশের ২২০ কোটি ডলার ÿক্ষতি হয়েছিল, যা ছিল জিডিপির চার শতাংশের সমান।
গত মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার (অতিরিক্ত সচিব পর্যায়ের) এবং বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম ফজলুল করিমের মধ্যে ঢাকা-বেইজিং সার্বিকভাবে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এতে ব্রহ্মপুত্র নদের তথ্য আদান-প্রদানের বিষয়টি স্থান পেয়েছে কি না তা জানা যায়নি।