পানি পড়া, ঝাড়ফুঁকে চিকিৎসা!
পানি পড়া আর ঝাড়ফুঁক দিয়েই সব ধরনের রোগের চিকিৎসা দিচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বহিরগাছী গ্রামের নাসরিন আক্তার নামের এক কিশোরী। তার কাছ থেকে পানি পড়া নিতে প্রতিদিন ভিড় করছে শত শত লোক। এই সুযোগে এলাকার একটি প্রতারক চক্রের সদস্যরা প্রচার করছে—নাসরিনের পড়া পানি খেয়ে ক্যানসার, হূদরোগ, জন্ডিস, পক্ষাঘাতসহ সব রোগ ভালো হচ্ছে। তবে নাসরিনের বড় ভাই ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রবিউল ইসলাম বলেন, ‘ঝাড়ফুঁক আর পানি পড়ায় জটিল রোগ ভালো হয়, এটা বিশ্বাসযোগ্য নয়।’ বহিরগাছী গ্রামের ইসরাইল মণ্ডলের মেয়ে নাসরিন আক্তার (১৬) এ বছর স্থানীয় বহিরগাছী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। নাসরিন জানায়, মাস দুয়েক আগে সে স্বপ্নে দেখতে পায়, সে পানি পড়া দিলে ও ঝাড়ফুঁক করলে চারটি রোগে আক্রান্ত রোগীরা ভালো হয়ে যাবে। এরপর সে এভাবে ওই চারটি রোগের জন্য রোগীদের চিকিৎসা দিতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা তার কাছে আসতে থাকে। বাধ্য হয়ে সে তাদের চিকিৎসা দেয়। বহিরগাছী গ্রামে গিয়ে দেখা যায়, নাসরিনদের বাড়িতে অসংখ্য রোগীর ভিড়। এলাকাবাসী জানান, মাঝরাত থেকে এখানে রোগী আসা শুরু হয়। সবাই নাসরিনের পড়া পানি নিতে আসে। আর রোগীদের কাছ থেকে ‘খুশি হয়ে যে যা পারেন দেন’ বলে অর্থ আদায় করা হচ্ছে। পার্শ্ববর্তী মোল্লাডাঙ্গা গ্রামের রেক্সোনা খাতুন জানান, তিনি হূদরোগে ভুগছেন। নাসরিনের কাছে এসেছেন চিকিৎসা নিতে। সাত দিন পড়া পানি খাওয়ার পর তিনি রোগমুক্ত হয়ে যাবেন বলে নাসরিন তাঁকে বলেছে। কালীগঞ্জের শ্রীরামপুরের রেজাউল ইসলাম বলেন, অ্যাজমায় আক্রান্ত তাঁর স্ত্রী বেশ কয়েকবার নাসরিনের পড়া পানি খেয়েও ভালো হয়নি। বহিরগাছী গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটা সম্পূর্ণ প্রতারণা। একটি চক্র এখানে আসা রোগীদের কাছ থেকে নানা অজুহাতে টাকা আদায় করছে। স্থানীয় রাখালগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান, লোকজন নাসরিনের কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।