চট্টগ্রাম নগরের খাওয়ার পানি বাজারজাতকারী সাতটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। এসব প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পানি বিক্রি ও সরবরাহ করে আসছিল।গত মঙ্গল ও গতকাল বুধবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করা হয়। এগুলো হলো পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার মেসার্স ওয়েসিস ড্রিংকিং ওয়াটার; কালুরঘাট বিসিক শিল্প অঞ্চলের মেসার্স টাইমস ফুডস অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি বিডি লিমিটেড, মেসার্স রাভিনো লিমিটেড, মেসার্স এশিয়ান ফুডস অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস ও মেসার্স রহমানিয়া এন্টারপ্রাইজ; চাক্তাই এলাকার মেসার্স সাফা মারওয়া ফুড অ্যান্ড বেভারেজ ও মেসার্স হেভেন ডিংকিং ওয়াটার। বিএসটিআইয়ের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক কে এম হানিফ ও নূর মোহাম্মদ মোস্তফা এই অভিযান পরিচালনা করেন। অভিযান সম্পর্কে কে এম হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমরা এসব প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে বিএসটিআইয়ের আইন অনুযায়ী গতকাল চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়মিত মামলা করেছি। এ ছাড়া প্রতিষ্ঠানের মালিকদের বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ এবং নবায়ন না করে পণ্য বিক্রি ও বিতরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছি।’