পানি বাড়ার পর মেরামত শুরু

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাঁধের (হার্ড পয়েন্ট) বেশির ভাগ অংশ গত বছরের বন্যায় ধসে গেছে। প্রায় এক বছর পর গত ২১ মে মেরামত শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার। কাজ শুরুর এক সপ্তাহ না যেতেই যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনও শুরু হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, এ সময় পানি বাড়বে জেনেই পাউবো বর্ষা মৌসুমে কাজ করার আয়োজন করেছেন, যাতে কিছু বালুভর্তি জিও ব্যাগ ফেলে টাকা আত্মসাৎ করতে পারে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন ধরে যমুনার পানি বৃদ্ধির পেয়েছে। এতে প্রায় ১৫ মিটার বাঁধ ভেঙে গুঠাইল বাজারের ভেতরে ঢুকছে। এক সপ্তাহ ধরে পাউবোর নিয়োজিত ঠিকাদার চটের পচা বস্তা ফেলছে। পানির স্রোতে বস্তা ভেসে চলে যাচ্ছে অন্য জায়গাই। ফলে বাজার রক্ষায় এটা কাজে লাগবে না। গত বুধবার ২০ হাজার পচা চটের বস্তা এনেছিল ঠিকাদারের লোকজন। বাজারে ব্যবসায়ীরা বস্তাগুলো জব্দ করেন। তারপরও মাঝেমধ্যেই ওই সব বস্তা দিয়েই কাজ চলছে।
জামালপুর পাউবো (পাউবো) সূত্রে জানা গেছে, বাঁধের ধসে যাওয়া ২০০ মিটার প্রতিরক্ষামূলক কাজের জন্য ১ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। এরপর মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ৭ মে থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ শুরুর কথা থাকলেও ২১ মে শুরু করে। কাজের সময়সীমা ৩০ জুন পর্যন্ত।
অভিযোগ রয়েছে, মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ কাজটি করছে না। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজটি নিয়ে নেন প্রভাবশালী ঠিকাদার মোরশেদুর রহমান ওরফে মাসুম, তাঁর অংশীদার সজীব ও মিলন। সরকারদলীয় একজন নেতার ভাই হওয়ায় নিম্নমানের কাজের প্রতিবাদ করতে সাহস পান না স্থানীয় লোকজন।
তবে মোরশেদুর রহমান খান অভিযোগ অস্বীকার করে বলেন, কাজের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তবে যাঁরা কাজটি করছেন, তাঁরা তাঁর ব্যবসায়িক অংশীদার।
গুঠাইল বাজারের ব্যবসায়ী ময়েজ উদ্দিন বলেন, তাঁর দোকান থেকে ১০ হাত দূরে ভাঙন। গত রমজান মাসে বাঁধে ভাঙন শুরু হয়। এক বছর পর এক সপ্তাহ ধরে ছোট ছোট চটের পচা বস্তায় বালু ভরে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। যখন পানি বাড়তে শুরু করে, তখন বস্তা ফেলা শুরু হয় বলে মন্তব্য করেন তিনি। আরেক ব্যবসায়ী জাহিদুর রহমান বলেন, কত বস্তা বালু পড়ছে কেউ জানেন না। পাউবোর লোকজন থাকলেও তাঁরা তো আগেই ‘ম্যানেজ’ হয়ে আছেন। বস্তা ফেলা হচ্ছে ৩০০, হিসাব হচ্ছে ৫০০। আর জিও ব্যাগ নয়, পচা চটের বস্তার মধ্যে বালু ভরে ফেলা হচ্ছে। ফেলার সঙ্গে সঙ্গে সেগুলো স্রোতে ভেসে যাচ্ছে।
জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, যখন বরাদ্দ আসবে, তখন তো কাজ করতে হবে। বর্ষার আগ মুহূর্তে বরাদ্দ পাওয়া গেছে, এখন কাজ হচ্ছে। চটের বস্তা ফেলা সম্পর্কে তিনি বলেন, আগামীকাল থেকে জিও ব্যাগ ফেলা হবে। স্থানীয় লোকজনের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।