উপমহাদেশের চার দেশের আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হলো। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের কর্মকর্তা পর্যায়ের এই বৈঠকে পানিসম্পদব্যবস্থা, বিদ্যুৎ ও জলবিদ্যুতের সম্ভাবনা, যোগাযোগের উন্নয়ন ও ‘ট্রানজিট’-এর ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো আলোচিত হয়েছে। দুই দিনের এ বৈঠকের পর গতকাল শনিবার এখানে চার দেশের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে বলা হয়েছে, এই সহযোগিতা গোটা অঞ্চলকেই সমৃদ্ধ করবে। বলা হয়, বন্ধুত্বপূর্ণ পরিবেশে এ আলোচনা ফলপ্রসূ হয়েছে। পরবর্তী বৈঠক বসবে এ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে।
যুগ্ম সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক তারেক মহম্মদ আরিফুল ইসলাম। ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর) অভয় ঠাকুর ও যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন। প্রতিনিধিরা পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার এ উদ্যোগকে সমর্থন করেন।
পানিসম্পদ ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ-জলবিদ্যুতের ক্ষেত্রে বর্তমান সহযোগিতার বিষয়টি এ বৈঠকে পর্যালোচনা করা হয়। আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎ কেনাবেচা এবং সে জন্য চার দেশের গ্রিডব্যবস্থার মধ্যে যোগাযোগ তৈরি কীভাবে করা যেতে পারে, এর ফলে চার দেশই কতটা উপকৃত হতে পারে, তা আলোচিত হয়।