পানি-বিদ্যুৎ নেই ৪২ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল ট্রান্সফরমার পরিবর্তন বা মেরামত না করায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ দিন ধরে পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে বিপন্ন হয়ে পড়েছে চিকিৎসার পরিবেশ। চরম দুর্ভোগের শিকার হয়ে অনেক রোগী হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে পানি সরবরাহের একমাত্র বৈদ্যুতিক পাম্প গত ৩০ মে নষ্ট হয়। এর পরদিন হাসপাতালের বৈদ্যুতিক ট্রান্সফরমারও পুড়ে বিকল হয়। জরুরি ভিত্তিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার পরিবর্তন ও পানির পাম্প মেরামতের জন্য কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীকে জানানো হয়। এরপর পানির পাম্প মেরামত করা হলেও ট্রান্সফরমার পরিবর্তন করা হয়নি। বিদ্যুতের সংযোগ না থাকায় মেরামত করা পানির পাম্পও কোনো কাজে আসছে না। এতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।গত রোববার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সব ওয়ার্ডে ভাপসা গরম। টয়লেট থেকে আসছে দুর্গন্ধ। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, হাসপাতাল ধোয়া-মোছা করতে অনেক পানি প্রয়োজন। নিচের টিউবওয়েল থেকে পানি ওপরে আনা কষ্টসাধ্য। এ কারণে চার-পাঁচ দিন পরপর ধোয়া-মোছার কাজ করতে হচ্ছে।হাসপাতালে চিকিৎসাধীন জগতবেড় ইউনিয়নের অলিয়ার বলেন, হাসপাতালজুড়ে ভাপসা গরম আর দুর্গন্ধ। এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। অনেক রোগী এরই মধ্যে হাসপাতাল ছেড়ে চলে গেছে।আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পি কে দাস বলেন, ‘হাসপাতালের আবাসিক ভবনেও পানি-বিদ্যুৎ নেই। ৩৩ দিন ধরে আমরা এ অবস্থায় আছি।’গত ২০ জুন কুড়িগ্রাম স্ব্যস্থ্য বিভাগের উপপ্রকৌশলী আনিছুর রহমান বিকল ট্রান্সফরমারটি পরিদর্শনে আসেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ট্রান্সফরমারটি মেরামতে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। রোববার তাঁর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।এ ব্যাপারে রংপুর স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হামিদ বলেন, ট্রান্সফরমারটি পুনঃস্থাপনের জন্য দরপত্রের প্রক্রিয়া চলছে। অচিরেই ঠিকাদার নিয়োগের মাধ্যমে এটি পুনঃস্থাপন করা হবে।