পানি-বিরোধের নিরসন হতে পারে ন্যায়সংগত হিস্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি নিয়ে বিশ্বজুড়ে যে সংঘাত চলছে, তার একমাত্র সমাধান হতে পারে পানিসম্পদ নিয়ে বিরোধের সুবিবেচনাপূর্ণ নিষ্পত্তি, ন্যায়সংগত হিস্যা নিশ্চিত ও সুষ্ঠু পানিসম্পদ ব্যবস্থাপনা। থাইল্যান্ডের চিয়াং মাইয়ে গতকাল সোমবার দ্বিতীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।

প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে পানি সরবরাহ ও স্যানিটেশনকে ২০১৫ সাল-উত্তর জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রার মূল এজেন্ডায় পরিণত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘পানি ও মানবাধিকার এখন আন্তসম্পর্কিত এবং অর্থনীতি, পরিবেশ ও সামাজিক স্বার্থের জন্য টেকসই পানিসম্পদ খুবই গুরুত্বপূর্ণ।’ শেখ হাসিনা বলেন, বিশ্বের ৭০০ কোটি জনসংখ্যার ৬০ শতাংশের বাস এশিয়ায়। কিন্তু ২০৩০ সাল নাগাদ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানির চাহিদা ও সরবরাহের ব্যবধান দাঁড়াবে ৪০ শতাংশ পর্যন্ত।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী নিম্নলিখিত বিষয়গুলোতে জরুরি নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রথমত, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় সমন্বিতভাবে কৃষিতে সেচব্যবস্থার মানোন্নয়ন, জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জন, ক্রমবর্ধমান শিল্পে পানির চাহিদা পূরণ প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।

দ্বিতীয়ত, ভূগর্ভস্থ পানির আর্সেনিক দূষণ কার্যকরভাবে প্রতিরোধ, সফলভাবে বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য পানি পরিশোধনের জন্য প্রযুক্তির উন্নয়ন ও হস্তান্তরে বিভিন্ন দেশকে অবশ্যই মেধাস্বত্ব অধিকারের (আইপিআর) সীমাবদ্ধতা ছাড়া এগিয়ে আসতে হবে।

তৃতীয়ত, সহযোগিতার মনোভাব নিয়ে এবং দেশীয় উদ্যোগের মানোন্নয়ন ঘটিয়ে পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

চতুর্থত, বিভিন্ন নদ-নদীর পানি সংরক্ষণ ও নাব্যতা অক্ষুণ্ন, অন্যান্য আন্তদেশীয় নদ-নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত এবং নদী অববাহিকা ও প্রতিবেশ রক্ষায় নানামুখী পদক্ষেপ নিতে হবে।

শেখ হাসিনা বলেন, জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত ও দ্রুত নগরায়ণ, দূষণ ও ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে দক্ষিণ এশিয়ায় পানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

প্রধানমন্ত্রী বলেন, আন্তদেশীয় নদীর পানি বণ্টন জটিল হয়ে উঠলেও বাংলাদেশ ও ভারত গঙ্গা নদীর পানি দীর্ঘ মেয়াদে বণ্টনের ব্যাপারে সম্মত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো আন্তদেশীয় নদ-নদীর পানির সুষম বণ্টন, নদী অববাহিকা ও পরিবেশের নিরাপত্তায় চুক্তি সম্পাদন এবং যৌথ প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দ্বিতীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলন মূল্যবান পানির চাহিদা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে লাওসের প্রধানমন্ত্রী থংসিং থামাভং, ব্রুনাই দারুস সালামের সুলতান হাসানাল বলখিয়া, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইয়ার সাকাশভিলি ও ফিজির প্রেসিডেন্ট ইপোলি নেইলাটিকা ভাষণ দেন।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫০টি দেশের পাঁচ শতাধিক প্রতিনিধি এবং এ অঞ্চল ও এর বাইরের দেশগুলোর সাত শতাধিক ব্যক্তি এই শীর্ষ সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠানে ‘ডিজাস্টার অ্যান্ড রেসপন্স: থাইল্যান্ডস অ্যাকশন অ্যান্ড কমিটমেন্ট টু ওয়াটার অ্যান্ড ফুড ম্যানেজমেন্ট ফর দ্য ফিউচার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্র ও সরকারপ্রধানদের প্রাতরাশ অনুষ্ঠানে অংশ নেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে থাইল্যান্ডের সহায়তা কামনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়া প্রতিরোধে তাদের নাগরিকত্ব প্রদানে মিয়ানমারের নেতৃত্বকে রাজি করানোর জন্য থাই সরকারের সহযোগিতা চেয়েছেন। থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে গতকাল বৈঠককালে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। শেখ হাসিনা প্রাচ্য-পাশ্চাত্য করিডরের অভিন্ন অংশ এবং এশিয়ান ডায়ালগ ও মেকং-গঙ্গা সহযোগিতায় শরিক হওয়ার জন্যও ব্যাংককের সহযোগিতা চান।