পানি ব্যবস্থাপনায় চীনকে পক্ষ করবে না বাংলাদেশ
ভারতের সঙ্গে অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার সহযোগিতা দ্বিপক্ষীয় পর্যায়েই সীমিত থাকবে। চীনকে এখানে তৃতীয় পক্ষ করা হবে না। এখন পর্যন্ত এই প্রক্রিয়ায় চীনকে যুক্ত করার কোনো পরিকল্পনাও সরকারের নেই।
সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে এ কথা জানান। এর আগে তিস্তা, ব্রহ্মপুত্রসহ অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনায় চীনকে যুক্ত করার বিষয়ে মত দিয়েছিলেন প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এটি তাঁর ব্যক্তিগত মতামত।
বাংলাদেশে কর্মকর্তারা বলছেন, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তিক্ততা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের আশা খুব কম। এরপরও চুক্তি সইয়ের বিষয়ে ভারতকে আবারও তাগাদা দেবে বাংলাদেশ। তিস্তার পাশাপাশি অভিন্ন অন্য নদীগুলোতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনায়ও বাংলাদেশের অগ্রাধিকার থাকবে। এ ছাড়া গঙ্গা ব্যারাজ তৈরির কাজ শুরুর লক্ষ্যে ভারতের কাছে সুস্পষ্ট প্রতিশ্রুতি চাইবে বাংলাদেশ।
গতকাল শনিবার বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই বছরের বিরতিতে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের আলোচনায় পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে।
বিজেপি-তৃণমূলের টানাপোড়েনের পর এই সফরে তিস্তা চুক্তি হবে কি না জানতে চাইলে জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ২০১১ সালে প্রায় চূড়ান্ত হয়েও চুক্তিটি সই হয়নি। চার বছর পর ঢাকায় এসে নরেন্দ্র মোদি চুক্তি সইয়ের জন্য কিছুটা সময় চেয়েছিলেন। ফলে তিস্তা চুক্তি সইয়ের বিষয়টি বাংলাদেশ জোরালোভাবেই তুলবে।
প্রধানমন্ত্রীর এই সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই আমন্ত্রণের জের ধরে ভারতের রাষ্ট্রপতি তিস্তা চুক্তি সইতে শেষ মুহূর্তে মধ্যস্থতা করবেন, এমন একটা জল্পনা আছে। এ নিয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা গতকাল বিকেলে এই প্রতিবেদককে বলেন, এখন পর্যন্ত তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যোগাযোগের ব্যাপারে কোনো তথ্য নেই। এ ছাড়া প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের খসড়া সূচিতে এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি যুক্ত নেই।
তবে অন্য এক কর্মকর্তা মনে করেন, এ ধরনের চুক্তি করার জন্য যে আবহ দরকার তা নেই। এমনকি বাংলাদেশের নীতিনির্ধারণী মহলও বিষয়টি বুঝতে পারছে। শেষ মুহূর্তে এ নিয়ে কোনো অগ্রগতি হলে তা হবে চরম নাটকীয় মোড় পরিবর্তন।
ভারতের সঙ্গে সহযোগিতার প্রক্রিয়ায় যুক্ত এক কর্মকর্তা মনে করেন, তিস্তা চুক্তির খসড়া তৈরি হয়ে আছে ২০১১ সালে। দুই দেশ জানে কে, কী পাচ্ছে। কারিগরি বিষয়টি অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন চুক্তি সইটা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
জানতে চাইলে বিশিষ্ট পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও যৌথ নদী কমিশনের সাবেক সদস্য অধ্যাপক আইনুন নিশাত গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিস্তা সেচ প্রকল্প করা হয়েছে সম্পূরক সেচের জন্য। তাই আমরা চাইব তিস্তা চুক্তি এমনভাবে হবে, যাতে সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় পানির প্রাপ্যতা নিশ্চিত হয়। এ নিয়ে চুক্তির খসড়া ২০১১ সালে তৈরি হয়েছিল। আশা করব, এর আলোকে চুক্তিটি সই হবে।
গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার পানি ব্যবস্থাপনা নিয়ে কার্যকর সহযোগিতার ওপরও জোর দিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০১১ সালে উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তিতে ভারত প্রথমবারের মতো অববাহিকা ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় রাজি হয়। ২০১৫ সালের যৌথ ঘোষণায় অভিন্ন অববাহিকার ব্যবস্থাপনার মাধ্যমে সামগ্রিক উপায়ে সহযোগিতায় রাজি হয়। এরই ধারাবাহিকতায় এবার অভিন্ন নদীগুলোকে বাঁচিয়ে রেখে এর জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদ আহরণ এবং সেচসহ পানির সর্বোচ্চ সদ্ব্যবহারের বিষয়টিতে ভারতকে রাজি করাতে চায়। এ নিয়ে যৌথ ঘোষণায় সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বাংলাদেশ।
দুই নিকট প্রতিবেশীর মধ্যে অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে আইনুন নিশাত বলেন, অববাহিকা ব্যবস্থাপনা ছাড়া অভিন্ন নদীর টেকসই সমাধান সম্ভব নয়। এ জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা ও পর্যালোচনা প্রয়োজন। দরকার হলে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের নিয়ে সরকারকে এগোতে হবে।
এবারের সফরে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে গঙ্গা ব্যারাজের বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি আশা করে বাংলাদেশ। কারণ গঙ্গা ব্যারাজ নির্মাণে বাংলাদেশকে সহযোগিতার লক্ষ্যে গত ডিসেম্বরে একটি কারিগরি কমিটি প্রকল্প এলাকা ঘুরে দেখেছে। এরপর গঙ্গা ব্যারাজ শুরুর ব্যাপারে দুই দেশ যৌথ সমীক্ষায় রাজি হয়। কারণ বাংলাদেশ এখন পর্যন্ত যে সমীক্ষা করেছে, তাতে ভারতীয় অংশের প্রভাব যাচাই করা হয়নি। বাংলাদেশ যৌথ সমীক্ষায় রাজিও হয়েছে। হঠাৎ করে পশ্চিমবঙ্গ এই প্রকল্প নিয়ে বিরোধিতা করায় কারিগরি কমিটি কাজ শুরু করতে পারেনি। তাই এবার বাংলাদেশ গঙ্গা ব্যারাজের কাজ এগিয়ে নিতে ভারত কখন সমীক্ষায় যোগ দেবে সে ব্যাপারে সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক প্রতিশ্রুতি চাইবে।