পানি ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। বিভিন্ন কর্মসূচিতে পানিকে এক নম্বর সমস্যা হিসেবে বিবেচনা করে এর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘জীবন ও জীবিকার জন্য পানি: পশুর নদীসহ সকল পানিসম্পদ রক্ষায় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন), সেভ দ্য সুন্দরবন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ, এনজিও ফোরাম ও সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট যোগ দেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পানি ব্যবস্থাপনা ও পানিসম্পদ রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, পানির উৎসগুলো দখলমুক্ত করতে হবে। মানববন্ধন কর্মসূচির সভাপতি বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানাই, পানিকে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিন।’ তিনি বলেন, আগামী ২০-৫০ বছরে পানি সমস্যা আরও ভয়াবহ রূপ নেবে। পানিনীতি তৈরি হয়েছে ধনীদের স্বার্থে। তিনি সাধারণ মানুষের জন্য পানিনীতি করার আহ্বান জানান। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নদীদূষণে মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবিকার উৎস্য হুমকির মুখে পড়েছে। খুলনা ও বাগেরহাটের পশুর নদী ও এর আশপাশের এলাকায় পরিবেশগত প্রভাব নির্ণয় ছাড়াই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ায় নদীটি মিঠা পানির উৎস হিসেবে তার বৈশিষ্ট্য হারাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা বলেন, ভারত পানি আগ্রাসন চালাচ্ছে। ন্যায্য হিস্যা অনুযায়ী বাংলাদেশ পানি পাচ্ছে না। তিনি বলেন, পানির ওপর সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। দিবসটি উপলক্ষে ‘নিরাপদ খাদ্যের জন্য নিরাপদ পানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) মিলনায়তনে। এতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ইউ আর এস হেরেন বলেন, কৃষিতে পানির যৌক্তিক ব্যবহার বাড়াতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পানিসম্পদ মন্ত্রণালয়ও দিবসটি উপলক্ষে গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘পানি ও খাদ্যনিরাপত্তা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।