পানি ব্যবস্থাপনায় সুশাসন আনতে সংস্কারের তাগিদ
পানি ব্যবস্থাপনায় সুশাসন আনতে এই খাতে সংস্কার দরকার। পানির ব্যবহারে সমাজের মানুষের যেমন, তেমনি নীতি-নির্ধারকদের আচরণেরও পরিবর্তন প্রয়োজন।
‘পানির সুরক্ষা, শক্তিসম্পদের সুরক্ষা’ শীর্ষক এক সেমিনারে এসব তাগিদ দিলেন সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও দাতা সংস্থার প্রতিনিধিরা। বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীর কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। ডিপিএইচইসহ নয়টি প্রতিষ্ঠান এর আয়োজক।
‘সুষ্ঠু পানি ব্যবস্থাপনার গুরুত্বটা কোথায়?’ সেমিনারের দ্বিতীয় পর্বে মূল প্রবন্ধে বুয়েটের অধ্যাপক মুজিবুর রহমান পানির দুরবস্থার চিত্র তুলে ধরে বলেন, দেশের ৭০০ নদীর মধ্যে অনেকগুলো শুকিয়ে গেছে। গৃহস্থালি ও শিল্পবর্জ্যে দূষিত এই নদীগুলো। কেবল ঢাকায় ২০১২-১৩ সালে নদী দূষণে জিডিপির সাত হাজার ৩৬৪ কোটি টাকা নষ্ট হয়েছে। ভূ-উপরিস্থিত পানির চরম দূষণ ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করে তুলছে দিন দিন। আন্তদেশীয় নদীগুলোর কমতে থাকা প্রবাহের সঙ্গে বাড়তি বিপদ জলবায়ু পরিবর্তন।
এসব সংকট কাটাতে সুষ্ঠু ব্যবস্থাপনা অপরিহার্য, বলেন মুজিবুর রহমান।
দেশের ভেতরে পানিসম্পদ নিয়ে সরকারি দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত। তিনি বলেন, পানি এখন বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিষয় হয়ে গেছে। আমাদের একেকটা মন্ত্রণালয় একেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। একটির সঙ্গে আরেকটির কোনো সেতু নেই, এমনকি কোনো টানেলও নেই।
আইনুন নিশাত বলেন, ‘দিবস মানে হলো গেঞ্জি আর টুপি।’ এসব দিবস যেন অনুষ্ঠানসর্বস্ব না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তিনি।
পানি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রতিটি খাতেই অপচয় হয়—স্বীকার করেন সেমিনারের প্রথম পর্বের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জুয়েনা আজিজ। এই পর্বে ডিপিএইচইয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ নূরুজ্জামান সভাপতিত্ব করেন।