পানি ব্যবহারে মিতব্যয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশুদ্ধ খাওয়ার পানির অপচয় বন্ধ করে পানি ব্যবহারে মিতব্যয়ী হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানির সঠিক বিল নিশ্চিত করতে সর্বত্র ডিজিটাল মিটার বসানো হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সুপেয় পানির চাহিদা পূরণে বদ্ধপরিকর।গতকাল বৃহস্পতিবার সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের (ফেজ-২) আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর পানি শোধনাগার উদ্বোধন উপলক্ষে ধলপুরের সড়ক সংস্কার করা হয়। কয়েক দিন ধরে ফুটপাতে গড়ে ওঠা রাজনৈতিক দলের স্থাপনাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় পর্যায়ের পানি শোধনাগার উদ্বোধনের ফলে ঢাকা ওয়াসার সরবরাহব্যবস্থায় দৈনিক আরও ২২ কোটি লিটার পানি যোগ হলো। তিনি বলেন, সায়েদাবাদ শোধনাগারের তৃতীয় পর্যায়ের কাজ শিগগিরই শুরু হবে এবং এতে সরবরাহক্ষমতা হবে ৪৫ কোটি লিটার। ঢাকাকে বাসযোগ্য করতে নগরের সর্বাত্মক উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান, ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্দ অলিং। অনুষ্ঠানে ভেন্দ অলিং জানান, সায়েদাবাদ তৃতীয় পর্যায়ের শোধনাগার নির্মাণের জন্য ১০ কোটি মার্কিন ডলার দেবে তাঁর দেশ।