পানি ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যৎ প্রজন্মকে সংকটের হাত থেকে বাঁচাতে পানি ব্যবহারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে পানিসম্পদের স্থিতিশীল উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।
গত রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ। সম্মেলনে ‘বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০: আইডব্লিউএম-এর ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এম মনোয়ার হোসেন। প্রবন্ধে দেশ-বিদেশে পানিসম্পদ-সংক্রান্ত জটিল সমস্যাগুলোর সমাধানে ‘গাণিতিক মডেলিং’ পদ্ধতি কীভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়েটি তুলে ধরা হয়। এ ছাড়া অনেক পানিসম্পদ প্রকল্পে ইতিমধ্যে গাণিতিক মডেলিং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সুফল পাওয়া গেছে বলে জানান তিনি।
আইডব্লিউএমের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাফর আহমেদ খানের সভাপতিত্বে পানিসম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্বব্যাংক, ডিএইচআই-ডেনমার্ক, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের প্রতিনিধিরা নির্ধারিত আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি।