১ দিন বা ২ দিন নয়, প্রায় ৫০ বছর ধরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কয়েকটি গ্রামে নলকূপ চাপলেই বেরোচ্ছে গরম পানি। বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ।
গত মঙ্গলবার রাতে সরেজমিনে পরিদর্শনে যান কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তোজাম্মেল হক ও সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আবু জাকারিয়া। তাঁরা এসব নলকূপ থেকে পানি সংগ্রহ করে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে বলেন, এতে মিথেন গ্যাস পাওয়া যায়। এ কারণে পানিতে একধরনের গন্ধ হয়। এ ছাড়া প্রতি লিটার পানিতে খনিজ (ম্যাঙ্গানিজ) ধাতু পাওয়া যায় ১ দশমিক ৫ মিলিগ্রাম। কিন্তু স্বাভাবিক পানিতে তা থাকার কথা শূন্য দশমিক ১ মিলিগ্রাম। যে কারণে পানি পিচ্ছিল। আর এ পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশুদের শরীর-চুলসহ সাদা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
পানিতে পিএইচের পরিমাণ পাওয়া যায় ৯ দশমিক ৮। স্বাভাবিক খাওয়ার পানিতে যার পরিমাণ থাকে ৬ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৫। এ কারণে পানিতে ক্ষারের পরিমাণ বেশি। ফলে এ পানিতে শরীর চুলকায়। পান করলে আলসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া পানির তাপমাত্রা পাওয়া গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। অথচ স্বাভাবিক পানির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
জনস্বাস্থ্য প্রকৌশলী তোজাম্মেল হক বলেন, তাঁরা তাৎক্ষণিকভাবে ছোট পরিসরে পানি পরীক্ষা করে গ্যাস, খনিজ (ম্যাঙ্গানিজ), পিএইচ ও তাপমাত্রা অস্বাভাবিক পেয়েছেন। এ ছাড়া আরও বিভিন্ন পরীক্ষা করার জন্য পানি সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় যা পাওয়া গেছে, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ পানি পরীক্ষা করতে জনস্বাস্থ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিগগিরই ঘটনাস্থল পরিদর্শনে আসবেন।
এলাকার আবদুল কুদ্দুস (৭২) ও মাখন চন্দ্র দেবনাথ (৬৮) বলেন, ‘গরম পানি খাইতে খাইতে বুড়া অয়ে গেলাম। কেউ একদিন দেখতে আইল না। এহন হুনছি প্রথম আলোয় খবর উঠছে। এ জন্য মানুষে এলাকা ভিড় জমাইতেছে। আর স্যারেরাও পরীক্ষা করত আইছে।’
গত শুক্র ও মঙ্গলবার সরেজমিনে তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কাওয়াখালী, ভেইয়ারকোনা, সিকদারপাড়া, নয়াপাড়া ও আজবপুর গ্রাম ঘুরে অন্তত ১০টি নলকূপ থেকে গরম পানি বের হতে দেখা গেছে। তখন এলাকাবাসী বলেন, এসব গ্রামের প্রায় দেড় কিলোমিটারব্যাপী এলাকাজুড়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার ১০০টির বেশি নলকূপের দীর্ঘদিন ধরে গরম পানি আসছে।
একই এলাকার মো. আরফন আলী (৭০) বাড়িতে ডেকে নিয়ে একটি পুরোনো নলকূপ চেপে গরম পানি বের করে দেখান। বলেন, এটি প্রায় ৫০ বছর আগে তাঁর বাবা বসিয়েছিলেন। তখন থেকেই নলকূপটি থেকে গরম পানি বেরোচ্ছে।