রাতভর টানা বৃষ্টিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের অনেক দপ্তর চত্বরে হাঁটুপানি জমে গেছে। এতে ওই সব দপ্তরে যাতায়াতকারী ও হাসপাতালে আসা রোগী-স্বজনেরা দুর্ভোগে পড়েছেন। নগরের আশপাশের জলাভূমি ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজশাহী আবহাওয়া দপ্তর জানায়, গত শনিবার দুপুর ১২টা থেকে আজ (গতকাল রোববার) সকাল ছয়টা পর্যন্ত তারা ৬৩ দশমিক এক মিলিমিটার এবং সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০ দশমিক ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, রাস্তা থেকে হেঁটে হাসপাতালের ভেতরে ঢোকার উপায় নেই। রিকশাওয়ালারা ১০ টাকায় যাত্রী পারাপার করছেন। নগরে বিলশিমলা এলাকার বাসিন্দা আসলাম হোসেন বলেন, হাসপাতালের গেট থেকে হেঁটে ৩০ সেকেন্ডে ব্যাংকে যাওয়া যায়। একইভাবে পানি জমে রয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার, কর কমিশনার, এলজিইডি, ডিআইজি, শহীদ এ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও রাজশাহী পুলিশ কমিশনারের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের সামনে।
বিভাগীয় কমিশনারের দপ্তরের সামনে সবচেয়ে বেশি পানি জমেছে। এই দপ্তরে যাওয়ার সময় রিকশার পাটাতন পর্যন্ত পানি উঠছে। একই অবস্থার শিকার হতে হচ্ছে কর কমিশনার ও এলজিইডি কার্যালয়ে যেতে।
নগরের উত্তর দিকে পোস্টাল একাডেমির ভেতরেও প্রায় হাঁটুপানি জমে গেছে। একাডেমির একজন কর্মচারী জানান, তিন দিন ধরে বৃষ্টির পানির কারণে বর্জ্য পানি পুকুরে ঢোকায় মাছ মরছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ‘রাজশাহী শহরের বৃষ্টির পানি উত্তর পাশের বিলে গিয়ে পড়ে। এবার সেই বিল ভরে গেছে। এ কারণে ড্রেন দিয়ে আর পানি নামছে না।’