পানি মাড়িয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে মেঘনা নদীবেষ্টিত গ্রাম নুনেরটেক। যোগাযোগবিচ্ছিন্ন ও বিদ্যুৎহীন এ গ্রামে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। গ্রামের ছেলেমেয়েদের বিদ্যালয়ে যেতে হয় হাঁটু ও কোমরসমান পানি মাড়িয়ে।

নুনেরটেক গ্রামের অবস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদি ইউনিয়নে। জানা যায়, নুনেরটেক গ্রামের বাসিন্দারা কৃষিকাজ ও মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। রাজধানীর উপকণ্ঠ সোনারগাঁয়ের এ গ্রামে এখনো বিদ্যুতের আলো পৌঁছেনি। এখানে কোনো পাকা সড়ক নেই। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া গ্রামটিতে ১৯৯৩ সাল পর্যন্ত কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। গ্রামের ছেলেমেয়েরা নদী পার হয়ে ১০ কিলোমিটার দূরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। ১৯৯৩ সালে গ্রামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) অধীনে একটি ভবনে জুনিয়র স্কুল চালু করা হয়। ২০১৫ সালে বিদ্যালয়টিকে নবম শ্রেণি পর্যন্ত অনুমোদন দেয় সরকার।

২০১৫ সালে জেএসসি পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানটি চলে গ্রামের মানুষের চাঁদার টাকায়। শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে ৩৭৭ জন শিক্ষার্থী পড়ছে। এর মধ্যে ২২৪ জন ছাত্রী। ১৫৩ জন ছাত্র। উপস্থিতির হার ছেলেদের চেয়ে বেশি মেয়েদের। বিদ্যালয়টিতে বর্তমানে ১৩ শিক্ষক আছেন। এর মধ্যে সাতজন শিক্ষক চলতি বছরের জানুয়ারি থেকে বেতন পাচ্ছেন। বাকি ছয়জন খণ্ডকালীন শিক্ষক। তাঁদের বেতন গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে পরিশোধ করছেন।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, গ্রামের ছেলেমেয়েরা গ্রামের মেঠো পথ দিয়ে সারিবদ্ধভাবে বিদ্যালয়ে যাচ্ছে। সড়ক না থাকায় কয়েকটি স্থানে কোমর বা হাঁটুপানি মাড়িয়ে ভেজা কাপড়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে তাদের। নবম শ্রেণির ছাত্রী শিমু আক্তার বলে, ‘প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলে স্বাভাবিক বর্ষাতেই আমাদের গ্রামের কাঁচা সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যায়। আমরা কাপড় ভিজিয়েই স্কুলে যাই। পরে বাতাসে আমাদের কাপড় শুকায়। প্রতিদিন পানি মাড়িয়ে ভেজা কাপড়ে থাকার কারণে অনেকেই সর্দি ও জ্বরে ভুগে শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারে না।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজালাল বলেন, শতভাগ পাস করা বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, চেয়ার-টেবিল নেই। গ্রামের মানুষের চাঁদার টাকায় শিক্ষকদের বেতন হয়। বর্তমানে গ্রামের বাসিন্দারা সচেতন হয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে এসব সমস্যার সমাধান হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে পানি মাড়িয়ে স্কুলে আসতে না হয় সে জন্য সাঁকো নির্মাণের ব্যবস্থা করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেব বলেন, ‘বিদ্যালয়টি এমপিওভুক্ত না থাকায় শিক্ষকেরা বেতন-ভাতা পাচ্ছেন না। তবে আমাদের আবেদনের পর গত জানুয়ারি থেকে সাতজন শিক্ষক প্রকল্প (সেসিপ) থেকে বেতন পাচ্ছেন।’