পানি মুখে নেওয়াই দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরম বাড়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় পানি-সংকট প্রকট হয়েছে। বাসাবাড়িতে ওয়াসার লাইনে পানি নিয়মিত না আসায় রাস্তার পাশের লাইন থেকে কলসিতে পানি সংগ্রহ করতে হয় এলাকাবাসীকে। শুক্রবার দুপুরে তোলা।  প্রথম আলো
গরম বাড়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় পানি-সংকট প্রকট হয়েছে। বাসাবাড়িতে ওয়াসার লাইনে পানি নিয়মিত না আসায় রাস্তার পাশের লাইন থেকে কলসিতে পানি সংগ্রহ করতে হয় এলাকাবাসীকে। শুক্রবার দুপুরে তোলা। প্রথম আলো
>

• ওয়াসার পানি-সংকট ও দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে রামপুরা, ধোলাইরপাড় এবং পুরান ঢাকার বাংলাবাজার এলাকায়।
• গরম বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও প্রকট হচ্ছে।

প্রায় চার মাস আগে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়েছিলেন রামপুরার উলন রোডের বাসিন্দা রীনা রহমান। ওয়াসার লাইনের দুর্গন্ধযুক্ত পানি পান করে তাঁর এই দশা হয়েছিল। তখন চিকিৎসকের পরামর্শমতো ওষুধ ও বোতলজাত পানি কিনে খেয়ে সুস্থ হয়েছিলেন তিনি। কয়েক মাস না যেতেই কলের পানিতে আবারও ফিরেছে সেই দুর্গন্ধ।

উলন রোডের থাই প্লাস্টিকের গলি, রামপুরা মহিলা মাদ্রাসা গলি, মাতবর বাড়ির গলির ৮-১০টি বাড়ির বহু পরিবার কলের পানির দুর্গন্ধে নাকাল হচ্ছে। একই অবস্থা পুরান ঢাকার বাংলাবাজার এলাকার। যাত্রাবাড়ী, ধোলাইরপাড়, মিরপুর-১১ এবং বাউনিয়াবাদেও পানির সংকটের কোনো সুরাহা হচ্ছে না, বরং গরম বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও প্রকট হচ্ছে।

রামপুরার থাই প্লাস্টিকের গলির একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক বাবুল মিয়া জানালেন, সেখানে ২৮টি পরিবার থাকে। পানিতে দুর্গন্ধ থাকায় বাসিন্দারা খাওয়ার পানি কিনে খান। আর অন্যান্য কাজেও কেনা পানি ব্যবহার করতে হয়।

দুর্গন্ধ এড়াতে দিনের বেলা ট্যাংকে পানি জমা করেন না বলে জানালেন আরেকটি বাড়ির তত্ত্বাবধায়ক শুক্কুরি। পানি তুলতে রাত জাগতে হয় তাঁর। রাত দুইটার পর পানিতে গন্ধ কিছুটা কম আসে। দিনের বেলায় দুর্গন্ধ খুব বেশি।

বাসিন্দারা জানালেন, পানি রাখার পাত্রগুলোতে ময়লার স্তর জমে গেছে। বহুদিন ধরে ময়লা ও দুর্গন্ধময় পানি রাখার কারণে এই দশা। ফুটিয়ে ও ফিল্টার করলেও পানির দুর্গন্ধ দূর হয় না। পানি মুখে নেওয়াই দায়। এলাকার কয়েকজন বলেন, পানির পাইপলাইন বসানোর কাজ করার সময় কয়েক জায়গায় ফুটো হয়ে গেছে। এরপর ব্যবহার্য পানির লাইনে নালার পানি ঢুকে যেতে পারে।

যোগাযোগ করা হলে ওয়াসার মড্স জোন-৬-এর নির্বাহী প্রকৌশলী মো. ইয়ার খান বলেন, নতুন পাইপলাইনের উন্নয়নকাজ চলাকালীন একটু সমস্যা হতে পারে। তবে গ্রাহকদের ভোগান্তি দূর করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তাঁরা।

গরমের শুরুতে পুরান ঢাকার বাংলাবাজার এবং পূর্ব ধোলাইরপাড় এলাকায় পানিসংকট একটি নিত্যসমস্যা। সম্প্রতি এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয় লোকজন। বাসাবাড়ি, কারখানার লাইনে পানি নিয়মিত না আসার কারণে রাস্তার পাশের লাইন থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। নিম্ন আয়ের অনেককে গ্যালন ও কলসি নিয়ে রাস্তার পাশের লাইন থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।