পানি শুকানোর চেষ্টা মাছ ও জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের চাতলা বিল অভয়াশ্রমের পানি শুকিয়ে দুর্বৃত্তরা মাছ ধরার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে একটি দল গতকাল রোববার ওই বিলে অভিযান চালিয়ে বিভিন্ন জাতের মাছ ও একটি নিষিদ্ধ জাল জব্দ করেছে।এলাকাবাসী জানান, গত তিন-চার দিন আগে জুড়ী ভ্যালি মৎস্যজীবী সমবায় সমিতির লোকজন মাছ ধরার উদ্দেশে বিল শুকাতে উত্তরপাড়ের বাঁধ কেটে দেয়। এতে বিলের পানি কমে যায়। এ ছাড়া নিষিদ্ধ জাল টেনে লোকজন মাছ ধরা শুরু করে।প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষ চাকমার নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, বেসরকারি সংস্থা ‘সিএনআরএস’ ও পুলিশের একটি দল গতকাল সকাল ১০টার দিকে সেখানে অভিযান চালায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক হাজার হাত লম্বা একটি নিষিদ্ধ বেড় জাল ও প্রায় এক মণ ওজনের বিভিন্ন জাতের বেশ কিছু পোনা ও মা-মাছ জব্দ করা হয়।