পানি শোধনাগারটি ছয় বছরেও চালু হলো না
খুলনা নগরের রূপসা নতুন বাজারে চিংড়ি ধোয়া নোংরা পানি শোধনাগার ছয় বছরেও চালু করা সম্ভব হয়নি। এ কারণে এই পানি বাজারের নালায় জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চিংড়ি ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিনে রূপসা নতুন বাজার এলাকায় চিংড়ি ব্যবসার একটি বড় কেন্দ্র গড়ে উঠেছে। এখানে তিন শতাধিক মাছের ডিপোতে প্রতিদিন চিংড়ি ধোয়া প্রচুর ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি বের হয়। এই পানি পার্শ্ববর্তী নালায় জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।এই সমস্যা সমাধানের লক্ষ্যে ২০০৬ সালে এলজিইডির উদ্যোগে পাঁচ কোটি টাকা ব্যয়ে নতুন বাজার এলাকায় ‘ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ তৈরির কাজ শুরু করা হয়। নেবুলা টেকনো সলিউশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০৮ সাল পর্যন্ত শোধনাগারের বেশির ভাগ কাজ করে অজ্ঞাত কারণে তা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘদিন ধরে পড়ে থেকে এর অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। ২০১০ সালে এলজিইডি আবার শোধনাগারটির কাজ শেষ করার উদ্যোগ নেয়। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। নতুন বাজারের চিংড়ি ব্যবসায়ী সাহাবুদ্দিন মোড়ল বলেন, ‘অনেক দিন ধরে এই গন্ধের মধ্যি ব্যবসা কত্তিছি। ছয়-সাত বছর আগে শুনলাম একটা প্ল্যান্ট হচ্ছে, যাতে আমাগে মাছের পানি দুর্গন্ধমুক্ত করে নদীতি ফ্যালবে। কিন্তু তার কোনো খোঁজ নাই।’ খুলনা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস খান বলেন, এলজিইডি পাঁচ কোটি টাকা খরচ করে বসে আছে। কিন্তু তা মানুষের কোনো কাজে আসছে না। আজও প্ল্যান্ট চালু না হওয়ায় ডিপোর ময়লা পানি নালায় জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। শোধনাগারটির বর্তমান ঠিকাদার এস এম ইউসুফ আলী বলেন, ‘২০১০ সালের শেষে বিদ্যুৎসংযোগ পাওয়ার পর কাজ করতে গিয়ে দেখি, দীর্ঘদিন পড়ে থাকায় ওই প্ল্যান্টের কয়েকটি মোটরসহ অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এগুলো নতুন করে বসাতে হয়েছে। আশা করছি, দুই-তিন মাসের মধ্যে প্ল্যান্টটি চালু করা যাবে। প্ল্যান্টের দায়িত্বপ্রাপ্ত এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, নানা সমস্যার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন পুরোদমে কাজ চলছে। শোধনাগারটি চালু হলে তিন শতাধিক ডিপোর পানি দূষণমুক্ত হয়ে নদীতে পড়বে। এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী রতন কুমার দে বলেন, ‘চিংড়ির ময়লা পানি পরিশোধন করে পাশের রূপসা নদীতে ফেলার উদ্যোগ দীর্ঘদিন বন্ধ থাকার পর সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের ঐকান্তিক ইচ্ছায় তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্ল্যান্টটি চালু হলে এলাকার বাতাস দুর্গন্ধমুক্ত হবে এবং পরিবেশ বাঁচবে। আশা করছি, প্ল্যান্টটি শিগগিরই চালু করে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করতে পারব।’