পানি শোধনাগারের ৮২ কোটি টাকা পানিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের পানিসংকট মোকাবিলা ও ভূগর্ভস্থ পানির চাপ কমানোর জন্য পদ্মা নদীর পানি শোধন করে নগরে সরবরাহের জন্য ৮২ কোটি টাকা ব্যয়ে শহীদ এ এইচ এম কামরুজ্জামান পানি শোধনাগার নির্মাণ করা হয়। উদ্বোধনের আড়াই বছরের মাথায় প্রকল্পের পাইপে আর পানি পাওয়া যাচ্ছে না। ওয়াসা এখন এই শোধনাগারের পাশে ভূগর্ভস্থ পানি উত্তোলনের পাম্প বসানোর জন্য আলাদা প্রকল্প হাতে নিয়েছে।
রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৬ সালের অক্টোবরে কামরুজ্জামান পানি শোধনাগার প্রকল্প গ্রহণ করে অধিদপ্তর। অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার বলেন, তখন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে একটি স্টাডিতে বলা হয়েছিল, পবা উপজেলার শ্যামপুর এলাকায় পদ্মা নদীতে ৫০ বছরের মধ্যে পানি শুকায়নি। পরে সেখানেই শোধনাগারটি স্থাপন করা হয়। ২০১১ সালের মার্চে এই শোধনাগারের উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের তৎকালীন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আট একর জমির ওপর দুই ইউনিটবিশিষ্ট শোধনাগারটি নির্মাণে ব্যয় হয়েছে ৮২ কোটি টাকা। পাইপলাইন স্থাপন করা হয়েছে ৩৫৩ কিলোমিটার। এখান থেকে প্রতি ঘণ্টায় নগরের পাইপলাইনে দুই হাজার ২৫০ ঘনমিটার করে পানি সরবরাহ করার কথা।
এদিকে বেশ কিছুদিন ধরে ওই শোধনাগারের পাইপে আর পানি পাওয়া যাচ্ছে না। এর কারণে ওয়াসা সেখানে ভূগর্ভস্থ ২০টি পানির পাম্প বসানোর উদ্যোগ নিয়েছে।
১৩ নভেম্বর দুপুরে সরেজমিনে দেখা গেছে, শোধনাগারের পাশে পাইপ ও বালু পড়ে আছে। রাজশাহী ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী পারভেজ মাহমুদ বলেন, কিছুদিন থেকে শোধনাগারের পাইপে আর পানি পাওয়া যাচ্ছে না। পানির উৎসে বালুচর পড়েছে। এই শোধনাগারের মাধ্যমে প্রতিদিন নয় মিলিয়ন লিটার বিশুদ্ধ পানি শহরে সরবরাহ হতো। এখন আর তা সম্ভব হচ্ছে না। ফলে তাঁরা রাজশাহী শহরে পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পের আওতায় ওই শোধনাগারের পাশে ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য ৩৪ কোটি টাকা ব্যয়ে আরও ২০টি পাম্প বসাচ্ছেন। সেখান থেকে শোধনাগারের পাইপের মাধ্যমে শহরে পানি সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, পানি শোধনাগার নির্মাণের টাকা একেবারে পানিতে যাবে না। কারণ, বর্ষা মৌসুমে আবার শোধনাগারটি কাজে লাগবে।
কাটাখালী পৌরসভার প্যানেল মেয়র আবদুল মুক্তাদির বলেন, ১০ দিন আগে ওয়াসার লোকজন শোধনাগারের পাশে ভূগর্ভস্থ পানি তুলতে পাম্প বসানোর জন্য পাইপ নিয়ে এসে ফেলতে শুরু করেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেখানে জড়ো হয়ে তাঁদের বাধা দেন। তাঁদের দাবি, নদীতে একটা নালা কেটে সহজেই পন্টুনের কাছে পানি আনা যাবে, সেই কাজটা তাঁরা করুক। প্যানেল মেয়র বলেন, তাঁরা এটাই যদি করবেন, তাহলে কোটি কোটি টাকা ব্যয় করে এত বড় শোধনাগার নির্মাণের কোনো প্রয়োজন ছিল না।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘সারা পৃথিবীর মানুষ ভূ-উপরিস্থ পানি ব্যবহার করছে। আর আমাদের দেশের প্রকৌশলীরা করছেন উল্টো কাজ। তাঁরা নালা কেটে সহজেই পানি পাইপের কাছে আনতে পারেন। তাঁরা সে কাজ না করে আবার পেছনের দিকে যাচ্ছেন।’ তিনি বলেন, শুধু বর্ষা মৌসুমের দু-এক মাস পানি সরবরাহের জন্য এত কোটি টাকা ব্যয় করে এই শোধনাগার স্থাপন করা হয়নি। সারা বছরই সেখানে পানির উৎস নিশ্চিত করার দায়িত্ব তাঁদের।