পানি-সংকট মোকাবিলায় দায়িত্ব নিয়েছেন সেনাসদস্যরা
রাজধানীর পানি-সংকট মোকাবিলায় সহযোগিতা করতে গতকাল বুধবার সেনাসদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। ঢাকা ওয়াসার জরুরি নিয়ন্ত্রণ কক্ষ, ফকিরেরপুলে অবস্থিত অঞ্চল-১ ও ৬, পুরান ঢাকার চাঁদনীঘাটে অঞ্চল-১, লালমাটিয়ায় অঞ্চল-৩, মিরপুর বাঙলা কলেজসংলগ্ন অঞ্চল-৪, মহাখালী টিবি গেইটে অঞ্চল-৫, হাটখোলা পানির ট্যাংকি এলাকা, উত্তরায় ওয়াসা কার্যালয় ও সায়েদাবাদ পানি শোধনাগারে দুই শতাধিক সেনাসদস্য সাময়িকভাবে অবস্থান নিয়েছেন। সকালেই তাঁদের জন্য কক্ষ বরাদ্দ করা হয়েছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে জানান, পানি বিতরণ ব্যবস্থাপনায় সহায়তা এবং ওয়াসার বিভিন্ন কার্যালয় ও পাম্পস্টেশনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাসদস্যরা কাজ করবেন। এ ছাড়া কোথাও যাতে পরিকল্পিত বা নাশকতামূলক তত্পরতা না চলে, সেটিও তাঁরা দেখবেন। ওয়াসার পাম্পস্টেশনে অপারেটরদের শৈথিল্য মোচনেও কাজ করবেন তাঁরা। ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, রাজধানীতে এই মৌসুমে যে পানির সংকট থাকে, এটা অস্বীকার করলে মিথ্যা বলা হবে। তবে সাময়িক সংকটকে পুঁজি করে কোথাও যাতে অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও সেনাসদস্যরা সতর্ক থাকবেন। আগামী মে মাস পর্যন্ত তাঁরা ওয়াসার কাজে সহায়তা করবেন। জানা যায়, যেসব এলাকায় পানির বেশি সংকট রয়েছে, সেসব এলাকায় ওয়াসার গাড়ি ও ট্রলি দিয়ে পানি বিতরণে আজ বৃহস্পতিবার থেকে সেনাসদস্যরা কাজ করবেন। ওয়াসার প্রতিবাদ: ৭ এপ্রিল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘ওয়াসার আছে কেবল প্রতিশ্রুতি, রাজধানীজুড়ে পানির সংকট, রাস্তা অবরোধ, বিক্ষোভ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করেছে ঢাকা ওয়াসা। প্রতিষ্ঠানটির দাবি, নগরে এখন পানির ‘অফিসিয়াল’ চাহিদা ২২০ কোটি লিটার এবং সরবরাহ ১৮৫ থেকে ১৯০ কোটি লিটার, কিন্তু প্রতিবেদনে চাহিদা উল্লেখ করা হয়েছে ২৫০ কোটি লিটার ও সরবরাহ ১৭৫ কোটি লিটার। এ ছাড়া ‘ওয়াসার আছে কেবল প্রতিশ্রুতি’ শিরোনামটি নিয়েও আপত্তি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদকের বক্তব্য: পানির চাহিদা ও সরবরাহের যে পরিসংখ্যানটি উল্লেখ করা হয়েছে, সেটি ওয়াসার সূত্র থেকে পাওয়া। প্রতিবেদনে প্রকাশিত সব তথ্য সংকটগ্রস্ত ভোক্তা ও ওয়াসা কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া।