পানি-সংকটে কাপ্তাই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কমেছে
গ্যাস-সংকটের পর দেখা দিয়েছে পানি-সংকট। দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ে পানি কমে গেছে। ফলে এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। পাঁচ ইউনিটের এ কেন্দ্রে প্রতিদিন ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর মধ্যে রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য দুটি ইউনিট বন্ধ থাকায় প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। বাকি তিন কেন্দ্রের ১৩০ মেগাওয়াটের মধ্যে গত সোমবার দুটি ইউনিট থেকে পাওয়া গেছে মাত্র ৬৮ মেগাওয়াট। পরে আরও একটি ইউনিট চালু করে কিছু সময়ের জন্য পাওয়া গেছে ১০৩ মেগাওয়াট। পানি সংকটের কারণে এ কেন্দ্রে এখন শুধু সান্ধ্যকালীন পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।হ্রদে পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই পানিবিদ্যুৎ প্রকল্প নিয়ন্ত্রণকারী প্রধান প্রকৌশলী মো. আবু তাহের। তিনি প্রথম আলোকে বলেন, বেশি পানি থাকলে তিনটি কেন্দ্র থেকে দিনে অন্তত ৩০ থেকে ৪০ মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাওয়া যেত। ওভারহোলিং (বড় ধরনের মেরামত) শেষ হলে আগামী জুন নাগাদ কেন্দ্রের চার নম্বর ইউনিট চালু হবে। তখন বিদ্যুৎ উৎপাদন আরও ৪০ মেগাওয়াট বাড়তে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে দেখা যায়, পানি পরিমাপের (রুল কার্ভ) হিসাব অনুযায়ী গতকাল মঙ্গলবার কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ছিল ৮৭ এলএসএল। কিন্তু বাস্তবে গতকাল পানি ছিল ৭৮ দশমিক ১৮ এলএসএল। অর্থাৎ কাপ্তাই হ্রদে এখন স্বাভাবিকের চেয়ে প্রায় নয় ফুট পানি কম।কর্মকর্তারা জানান, কাপ্তাই লেক এলাকা এবং উজানে (ভারতীয় অংশে) কম বৃষ্টি হওয়ায় এবার লেকে পানি কম জমেছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে এক এবং দুই নম্বর ইউনিট দৈনিক ৪০ করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। বাকি তিনটি ইউনিটের মধ্যে উৎপাদন ক্ষমতা দৈনিক ৫০ মেগাওয়াট করে।