পানি সমবায় সমিতির কার্যালয় স্থাপন দাবি, গ্রামবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের শিয়ালাহাওর জলকপাটের (স্লুইসগেট) পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয় স্থাপনের জন্য গতকাল সোমবার চলিতাবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। উপজেলার চলিতাবাড়ী, বাইমারপার ও জলুরমুখ গ্রামের লোকজন এ বিক্ষোভ করেন।
এলাকাবাসীর কয়েকজন জানান, জলকপাটের কার্যালয় স্থাপন নিয়ে দুই মাস ধরে চলিতাবাড়ী গ্রাম ও শিয়ালাহাওর গ্রামের একাংশের মধ্যে বিরোধ চলছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা সমবায় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে চলিতাবাড়ীতে কার্যালয় স্থাপনের উপযুক্ত বলে প্রতিবেদন দেন। কিন্তু শিয়ালাহাওরের সদস্যরা এ সিদ্ধান্ত না মেনে গত রোববার শিয়ালাহাওরে স্থান নির্ধারণ করা হয়েছে বলে প্রচারণা ও মাইকিং করতে থাকেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই তিন গ্রামের লোক গতকাল বিক্ষোভ করেন।
পরে স্থানীয় চলিতাবাড়ী-আবাদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির কার্যকরী কমিটি ও সাধারণ সদস্য এবং গ্রামবাসী মিলে এক সভা করেন। এতে সভাপতিত্ব করেন আবদুল হেকিম। সভা পরিচালনা করেন ইউনুছ আলী।
এ সময় বক্তব্য দেন আবদুল হান্নান, হাজেরা খাতুন, পিয়ারা বেগম, আবুল হোসেন, বাদশা মিয়া, সালামত মিয়া, সুরুজ আলী, আবদুস সামাদ, ইউনুছ আলী, হাবিবুর রহমান, রমজান আলী, অলিউর রহমান, আতিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা শিয়ালাহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য আগে থেকে নির্ধারিত চলিতাবাড়ী গ্রামে কার্যালয় স্থাপনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তাঁরা নির্ধারিত স্থানে কার্যালয় স্থাপন না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।