পানি সমস্যা নিরসনে সিলেটে হবে ওয়াসা: স্থানীয় সরকারমন্ত্রী
সিলেট মহানগরীতে পানি ও পয়োনিষ্কাশন সমস্যা নিরসনে শিগগিরই সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ রোববার অনলাইনে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ ১৯৯৬ অনুযায়ী সিলেট সিটি করপোরেশন এলাকায় ‘পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ’ (সিলেট ওয়াসা) গঠনের কার্যক্রম গ্রহণবিষয়ক পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, সিলেট শহর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। জনসংখ্যা ও শহর বিস্তৃতির কারণে নগরবাসীকে উন্নততর আবশ্যকীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। মহানগরীর জনগণের জন্য পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তাজুল ইসলাম বলেন, সিলেট মহানগরীতে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরির বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ, দপ্তর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শহর ও গ্রামাঞ্চলে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়নে বাস্তবমুখী টেকসই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক পরিবেশ রক্ষায় তাঁর মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রী বলেন, সরকার ভূগর্ভস্থ উৎসের ওপর নির্ভরশীলতা হ্রাস করে ভূপরিস্থ পানি ব্যবহারের ওপর অধিক গুরুত্বারোপ করছে। এ লক্ষ্যে শহর অঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের নদ-নদীর পানি ব্যবহার, পুকুর খনন, রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের মাধ্যমে ভূপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৭০ শতাংশ সারফেস ওয়াটার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাংলাদেশ এ সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জন করবে।
তাজুল ইসলাম আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই পানির সমস্যা আছে। নদীমাতৃক দেশ হওয়ায় বিশ্বের বহু দেশের তুলনায় আমাদের পানি নিয়ে তুলনামূলক কম সমস্যা রয়েছে। এরপরও আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।’
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সভায় অংশ নিয়ে জানান, সিলেটে আগের তুলনায় জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই এখানে একটি ওয়াসা প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছিল। এ উপলব্ধি থেকে সিলেট ওয়াসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় তিনি স্থানীয় সরকারমন্ত্রীকে ধন্যবাদ জানান। দ্রুত বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ আয়োজনে অংশ নেন। বিজ্ঞপ্তি