পানি সমস্যার সমাধানে তিন প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার বন লাউডোব গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের লোনা পানির সমস্যা থেকে মুক্তি দিতে গ্রামে চারটি পুকুর পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ব্যাংক আল ফালাহ লিমিটেড বাংলাদেশ ও গ্রিন ওয়ার্ল্ড কমিউনিকেশন লিমিটেড যৌথভাবে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংক আল ফালাহর প্রধান এস এ এ মাসরুর, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও গ্রিন ওয়ার্ল্ডের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম হেলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি রোকেয়া এ রহমান চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।চুক্তিকে স্বাগত জানিয়ে রোকেয়া এ রহমান বলেন, এ চুক্তি করপোরেট ও সুশীল সমাজের সংগঠনগুলোর মধ্যে অংশীদারি তৈরি ও উন্নয়নকাজে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সর্বোচ্চ ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমআরডিআই বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে সিএসআর তহবিলকে একটি বিকল্প সামাজিক উন্নয়ন সহায়তা হিসেবে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। সফলতার উদাহরণ সৃষ্টির জন্য কয়েকটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ব্যাংক আল ফালাহ তার সিএসআর কর্মকাণ্ডের আওতায় পুকুর পুনর্খননের জন্য এ ধরনের একটি প্রকল্পে তহবিল প্রদান করেছে। গ্রিন ওয়ার্ল্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এমআরডিআই এ কার্যক্রমের অগ্রগতি, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করবে।