পানি সরকারি, বীজ সার কৃষকের, ফায়দা লুটছেন সভাপতি
বোরো মৌসুমে অধিক ফসল উৎপাদন ও চাষাবাদে খরচ কমাতে বরিশাল অঞ্চলে নামমাত্র বিদ্যুৎ খরচের বিনিময়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি সরবরাহ করছে। অভিযোগ উঠছে, সদর উপজেলার ২৫টি ব্লকের দায়িত্বে থাকা এক সভাপতি কৃষকদের কাছ থেকে পানি বাবদ অতিরিক্ত টাকা আদায় করছেন। সার, বীজ, চাষ ও নিড়ানি খরচ কৃষক বহন করলেও একরপ্রতি শুধু পানির জন্য কৃষকদের ৫০০ টাকা করে দিতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার লাকুটিয়ার শারসী গ্রামে খালের ওপর স্লুইসগেট বসিয়ে পাউবোর কেপি-৬ পাম্পের সাহায্যে ২৫টি ব্লকের আওতায় প্রায় ৫০০ একর জমিতে বোরো আবাদের জন্য পানি সরবরাহ করা হয়। প্রতিটি ব্লকের জন্য স্থানীয়ভাবে গঠিত একটি কমিটির মাধ্যমে পল্লী বিদ্যুতের খরচ বহনসাপেক্ষে পাউবো পানি সরবরাহ করে। পল্লী বিদ্যুৎ সমিতি পানি সেচ বাবদ বিদ্যুতে ব্যবহারের জন্য ৩২ হাজার ২০০ টাকা নিয়ে সংযোগ দেয়।কৃষকেরা জানান, সার, বীজ এবং আবাদের খরচ তারা বহন করে। বিদ্যুৎ খরচের কিছু অংশ তাঁদের বহন করার কথা থাকলেও (যেখানে বিদ্যুৎ খরচ বাবদ একরপ্রতি প্রায় ৬৫ টাকা নেওয়ার কথা) ওই ২৫ ব্লকের কমিটিগুলোর সভাপতি কৃষকদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেছেন।একটি ব্লকের কৃষক মো. সিরাজ হাওলাদার অভিযোগ করেন, ‘আমাদের বীজ ও চারা রোপণের অনেক পরে পানি সরবরাহ করার পরও একরপ্রতি এক হাজার টাকা দাবি করেছেন সমিতির সভাপতি আ. মান্নান। টাকা না দিলে তিনি মামলা করবেন বলে জানান।’ নাম প্রকাশ না করার শর্তে একজন কৃষক জানান, সভাপতি আ. মান্নান পাউবোর কর্মকর্তাকে টাকা দিয়ে ম্যানেজ করায় তাঁরা এ ব্যাপারে কোনো ভূমিকা নেন না।সমন্বিত ব্লকের সভাপতি আ. মান্নান বলেন, ‘আমরা পানি খরচ বাবদ ৩০০-৪০০ টাকা নিয়ে থাকি। খেতে পানি নিতে হলে একরপ্রতি এক হাজার ৫০০ টাকা নেওয়া হয়।’ পাউবোর বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক নূরুল ইসলাম বলেন, ‘আমরা পাম্প চালাই। স্থানীয়ভাবে গঠিত কমিটির সভাপতি বিদ্যুৎ খরচ বহন করেন। এর বাইরে আমরা কোনো প্রকার লেনদেনের সঙ্গে জড়িত নই।’