পানি সরতেই মিলল ৮ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের পূর্বপাড়ায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় লোকজন চলাচল করছে নৌকায়। ছবিটি চকরিয়া উপজেলার পূর্বপাড়া থকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের পূর্বপাড়ায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় লোকজন চলাচল করছে নৌকায়। ছবিটি চকরিয়া উপজেলার পূর্বপাড়া থকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

গতকাল বুধবার সারা দিন বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার পাহাড়ি ঢলে উপদ্রুত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। পানি সরতে থাকায় বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। ক্ষতি হয়েছে সড়ক, কালভার্ট, ফসলি জমি ও মাছের খামারের। চট্টগ্রামের রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও রাউজানে পাহাড়ি ঢলের তোড়ে ভেসে যাওয়া আট ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত একজন।

প্রথম আলোর প্রতিনিধিরা জানান, গতকাল সারা দিন বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, বাঁশখালী, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া এবং কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী থেকে বন্যা ও জোয়ারের সঙ্গে প্রবেশ করা পানি নামতে শুরু করেছে। পানি নেমে যাওয়ায় পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ব্যক্তিদের লাশ খুঁজে পায় স্থানীয় লোকজন।

পাহাড়ি ঢলে হতাহতের সবচেয়ে বড় ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। গতকাল সকাল ১০টায় রাঙ্গুনিয়ার হোসনাবাদ ইউনিয়নের আশীষ কুমার মজুমদার (৪৫), তাঁর মেয়ে শ্রেয়া মজুমদার (১১) ও একই ইউনিয়নের দিলীপ কান্তি দে (৪৭) ও ইয়াসমিন আকতারের (১৫) লাশ কানুরখিল খাল সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, গত রোববার রাত থেকে প্রবল বর্ষণে কানুরখিল খালের পানি উপচে উঠে পাশের সড়ক তলিয়ে যায়। মঙ্গলবার সকাল ১০টায় নিহত ব্যক্তিরা কোমরপানি ডিঙিয়ে কানুরখিল সড়ক পার হচ্ছিলেন। ২৪ ঘণ্টা পর গতকাল সকাল ১০টায় লাশ পাওয়া যায়। তবে এখনো নিখোঁজ রয়েছেন আশীষ কুমার মজুমদারের স্ত্রী অঞ্জনা মজুমদার (৩০)। নিহতদের সঙ্গে তিনিও রাস্তা পার হচ্ছিলেন।

রাউজানে পাহাড়ি ঢলে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন বলেন, গতকাল ভোরে পাহাড়ি ঢলের তোড়ে হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর গ্রামের মোহাম্মদ জাফরের ছেলে মুরগি ব্যবসায়ী সাবের (২০) ও একই ইউনিয়নের বাগমারা টিলা গ্রামের আবু তাহেরের ছেলে স্কুলছাত্র মোহাম্মদ নয়নের (১৪) লাশ উদ্ধার করা হয়। উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গর্জনিয়া মাদ্রাসার কাছে আব্দুস সালাম মাস্টার বাড়ির ধানি জমিতে লাশ দুটি উদ্ধার করে স্থানীয় জনতা।

ফটিকছড়িতে গতকাল সকালে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ির জাফতনগরের বাসিন্দা মঈনুদ্দিন ইমতিয়াজ (২০) তেরপলাই খালের স্রোতে ও রামগড় চা-বাগানের শ্রমিক তন্ময় কর্মকার (২২) ফেনী নদীর ঢলে ভেসে যান গতকাল সকালে। মঈনুদ্দিনের লাশ গতকাল সকালে ও তন্ময়ের লাশ দুপুরে উদ্ধার করা হয়।

পানি নেমে গেলেও চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত এলাকায় যোগাযোগব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। এসব এলাকায় পানির তোড়ে ভেসে গেছে বহু সড়ক। বন্যায় রাউজান, ফটিকছড়িতে ও সাতকানিয়ায় দেড় হাজারের মতো পুকুর ও মাছের খামার ভেসে গেছে। এর মধ্যে কেবল রাউজানেই ভেসে গেছে এক হাজারের বেশি মাছের খামার।

পাহাড়ি ঢলে ডুবে গেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা। ছবিটি গতকাল বেলা সাড়ে ১১টায় তোলা l প্রথম আলো
পাহাড়ি ঢলে ডুবে গেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা। ছবিটি গতকাল বেলা সাড়ে ১১টায় তোলা l প্রথম আলো

এদিকে গত দুই দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের পটিয়া পৌরসভাসহ উপজেলার ১৭টি ইউনিয়ন কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পটিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন বলেন, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভাটিখাইন, ছনহরা, হাবিলাসদ্বীপ, বরলিয়া, শোভনদণ্ডী, আশিয়া, কাশিয়াইশ ও জিরি ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে ডুবে ছিল। এসব ইউনিয়নে ৭০ থেকে ৮০টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী বলেন, শ্রীমতিখালের বাঁধের কারণে পানি আটকে পৌরসভাসহ উপজেলার ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুর ও মুরগির খামার।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি গ্রাম গতকালও পানিতে ডুবে ছিল। পানি না কমায় এসব গ্রামে এখনো বিদ্যুৎ-সংযোগ চালু হয়নি বলে জানান পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফরায়েজুর রহমান।

ফটিকছড়ি উপজেলার দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের বহু গ্রামের মাছের খামার ভেসে গেছে। ফটিকছড়ির প্রাকৃতিক দুর্যোগ মনিটরিং সেলের প্রধান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার পরিবার পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে ও শঙ্খ নদের বাঁধ ভেঙে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পানিতে প্লাবিত হয়েছে। সাতকানিয়া-বাঁশখালী সড়কের সাতকানিয়া পৌরসভার চরপাড়া এলাকা গত দুই দিন ধরে পানিতে ডুবে আছে বলে জানান সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ উল্লাহ।

কক্সবাজারের চকরিয়া উপজেলার চার ইউনিয়নের ১৭টি গ্রামের মানুষ গতকালও পানিবন্দী ছিল। চকরিয়ার ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলার সব স্লুইসগেট খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কিছু এলাকায় খাল ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে পানি নেমে যাবে।