পানি সরবরাহ আওতার বাইরে প্রায় ৬০ শতাংশ এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের প্রায় ৬০ শতাংশ এলাকায় এখনো পৌরসভার পানি সরবরাহ নেই। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত নলকূপেও পানি ওঠে না। এ অবস্থায় মৌলভীবাজার পৌর এলাকার বাসিন্দাদের বড় অংশই দুর্ভোগে আছে।মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার বাসিন্দা তোফায়েল আহমদ বলেন, ‘পৌরসভার নাগরিক হলেও পৌরসভা থেকে পানি পাই না। নলকূপ দিয়ে পানি তুলে ব্যবহার করি। তা-ও মাত্রাতিরিক্ত আয়রনের কারণে সবকিছুতে ব্যবহার করা যায় না। শুকনো মৌসুমে কোনো কোনো সময় নলকূপেও পানি মেলে না।’পৌরসভার পশ্চিম ধরকাপন এলাকার বাসিন্দা সৈয়দ মোতাহের আলী প্রথম আলোকে বলেন, ‘পানির জন্য পৌরসভার কাছে ১০-১২ বছর আগে আবেদন করেছি। প্রায় তিন বছর আগে তিন হাজার টাকা জমা দিয়েছি। কিন্তু এখনো সংযোগ পাইনি।’ মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসের আবাসিক তত্ত্বাবধায়ক শক্তিপদ পাল বলেন, ‘পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে মার্চ মাস থেকে নলকূপে পানি ওঠে না। ভারী বর্ষণ শুরু না হওয়া পর্যন্ত এই সমস্যা চলতে থাকে। তখন সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় হোস্টেলের বাসিন্দাদের।’পৌরসভার পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক বিজয় কৃষ্ণ দেব বলেন, ‘পৌরসভার ৩৫ থেকে ৪০ শতাংশ এলাকায় আমরা পানি সরবরাহ করতে পারছি। এর বাইরের লোকজন গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে পানির চাহিদা পূরণ করছে।’সূত্রমতে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার পূর্বদিক, ২ নম্বর ওয়ার্ডের সোনাপুর, বড়বাড়ি, ৩ নম্বর ওয়ার্ডের রঘুনন্দনপুর, নওয়াগাঁও, ৬ নম্বর ওয়ার্ডের বড়হাট, ৮ নম্বর ওয়ার্ডের ধরকাপন, মোস্তফাপুর এবং ৯ নম্বর ওয়ার্ডের বড়কাপন ও শেখেরগাঁও এলাকায় এখনো পৌরসভার পানি সরবরাহ করা যায়নি।পৌরসভা সূত্র জানিয়েছে, পৌরসভায় পানির প্রায় দুই হাজার গ্রাহক ছিলেন। সরবরাহ লাইনে ত্রুটিসহ নানা কারণে স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় অনেকেই সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। এতে বছর দুয়েক আগে গ্রাহকসংখ্যা দেড় হাজারে নেমে আসে। তবে ২০০৯ সাল থেকে শুরু হওয়া ষোলো মাঝারি শহর পানি সরবরাহ সেনিটেশন সেক্টর প্রকল্পের আওতায় পাম্প পরিবর্তন, লাইন মেরামত ও নতুন পাইপলাইন স্থাপনের কারণে পানি সরবরাহে উন্নতি হওয়ায় গ্রাহকসংখ্যা আবার কিছুটা বেড়েছে। এই প্রকল্পের কাজ ২০১২ সাল পর্যন্ত চলবে। বর্তমানে গ্রাহকসংখ্যা এক হাজার ৮৫০। নতুন উদ্যোগ: এদিকে পৌরসভার পানির সংকট নিরসনে ভূপৃষ্ঠ পানি শোধন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। শহরের পূর্বদিকে মাতারকাপন এলাকায় মনু নদ প্রকল্পের ব্যারেজের উজান থেকে পানি নিয়ে এসে শোধনের মাধ্যমে তা সরবরাহ করা হবে। এর জন্য মাতারকাপন এলাকায় পৌরসভার নিজস্ব জমির ওপর ভূপৃষ্ঠ পানি শোধন প্রকল্প স্থাপন করা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে নয় কোটি ৮৬ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৯০ শতাংশ এলাকা পৌরসভার পানি সরবরাহের আওতায় চলে আসবে।পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন প্রথম আলোকে বলেন, ‘ভূপৃষ্ঠ পানি শোধন প্রকল্প এডিবি অনুমোদন করেছে। এটা বাস্তবায়িত হলে আর সমস্যা থাকবে না। এটা আমার সব কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ। আগামিতে ভূ-গর্ভস্থ পানি পাওয়া কঠিন হবে। এই প্ল্যান্টের কারণে ভবিষ্যৎ প্রজন্ম পানির সমস্যায় পড়বে না।’