ক্যামেরার সামনে মুখ লুকাচ্ছিলেন কদমতলা সংসদ পানির পাম্পে পানি নিতে আসা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মুখলেসুর রহমান। থাকেন কদমতলার পাটোয়ারী গলিতে। বললেন, ‘পানি সংগ্রহে এসেছি বলে লজ্জা নেই, কিন্তু ছবি তোলা উচিত নয়।’
মুখলেসুর রহমান অভিযোগ করে বললেন, বাসার কলে পানি ঠিকই আসে। বাড়িওয়ালাও মাস ফুরানোর আগেই বিল পাঠিয়ে দেন। কিন্তু সেই পানি এত ময়লা ও দুর্গন্ধে ভরা যে গোসল করতেও খারাপ লাগে। নিরুপায় হয়ে পাম্পে খাওয়ার পানি সংগ্রহে এসেছেন তাঁর মতো আরও অন্তত ২০ জন নারী-পুরুষ, শিশু। বেশির ভাগই বিভিন্ন বাসার নিয়মিত বা ঠিকা কাজের লোক। সঙ্গে আছে জারিকেন, কলসসহ পানির অন্য পাত্র। গতকাল রোববার দুপুরে এ দৃশ্য দেখা যায়।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে পড়েছে। গত এপ্রিলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আগে এলাকা ঘুরে পানির দুর্গন্ধের কথা জানা গিয়েছিল। ওই সময় এলাকায় পানির সরবরাহও কম ছিল। বর্তমানে সরবরাহের সঙ্গে দুর্গন্ধের মাত্রাও বেড়েছে। কোনো কোনো বাড়িতে ময়লা পানি আসে।
জানা যায়, এলাকায় পানির পাম্প বাড়ায় সরবরাহও বেড়েছে। কিন্তু সরবরাহ লাইনগুলো পুরোনোই রয়েছে। গভীর নলকূপের পানির লাইন ও সায়েদাবাদ শোধনাগারের পানির লাইনও এক। পাম্প থেকে সরাসরি পানি নিলে ভালো পানি পাওয়া যায়।
কদমতলা প্রাথমিক স্কুলের গলিতে এক বাসায় কাজ করেন মধ্যবয়সী এক নারী। নাম জানতে চাইলে বললেন, রিপনের মা। বললেন, কোমরের ব্যথায় পাম্প থেকে পানি টেনে নিতে কষ্ট তো হয়ই, বাসার পানিতে কাপড় কাচতে আরও বেশি বিরক্তি লাগে। কিন্তু মাসের পর মাস তাঁকে এই কাজটি করতে হচ্ছে। তাঁর প্রশ্ন, ‘সরকার কবে ভালো পানি দিব?’
বাসাবোর বাসিন্দা নুরুন্নবী বৌদ্ধমন্দির পাম্প থেকে পানি নেন বলে জানান। আজ এখানে এসেছেন। তিনি বলেন, ওয়াসার পানি পান করে তাঁর পরিবারের সবার ডায়রিয়া হয়েছিল। তাই কষ্ট হলেও পাম্প থেকে পানি সংগ্রহ করেন।
এলাকার বাসিন্দা বয়োজ্যেষ্ঠ মরিয়ম বেগম বুয়াকে পানি আনতে পাঠিয়ে রিকশায় বসে ছিলেন। এই প্রতিবেদকের কাছে ক্ষোভ জানিয়ে বললেন, বাসায় ওয়াসার সরবরাহ পানির কল খুললে দুর্গন্ধ আসে। সিটি করপোরেশন নির্বাচনের আগে মেয়র প্রার্থীরা আশ্বাস দিয়েছিলেন পানির কষ্ট দূর করবেন, কিন্তু এখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না।
মরিয়ম বেগমের কথার রেশ ধরে বিষয়টি জানতে এলাকার আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর মো. আশ্রাফুজ্জামানের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও তিনি ধরেননি। আবদুর রহমান নামের এক ব্যক্তি নিজেকে কাউন্সিলর কার্যালয়ের একজন কর্মী বলে পরিচয় দিয়ে বললেন, ‘ভাই বিশেষ কাজে গেছেন। আরেক দিন আসলে পাইতে পারেন।’ পানির অবস্থার কথা জানতে চাইলে বলেন, ‘পানি ত বহুত দিন ধরে খারাপ। ওয়াসা লাইন ঠিক করে না।’
জানাতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, এলাকায় পয়োলাইন নেই, তাই পানির লাইনের সঙ্গে তা যুক্ত হওয়ার সম্ভাবনাও নেই। তবে অনেকে অবৈধভাবে পানির সংযোগ নেওয়ার সময় ভেতরের পাইপ ফেটে যায়। সে পথে ময়লা ঢুকে পানি দূষিত হয়ে যায়। তিনি বলেন, পাম্প হাউস থেকে পানি নেওয়ার জন্য ওয়াসাও উৎসাহ দেয়।