
অধিকাংশ সড়ক ভাঙাচোরা। পানি সরবরাহের ব্যবস্থা নেই। কয়েকটি স্থানে পৌঁছেনি বিদ্যুৎ। ময়লা-আবর্জনা নালায় আটকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় জলাবদ্ধতা। এখানে নেই বর্জ্য অপসারণের ব্যবস্থা। এসব সমস্যায় জর্জরিত শেরপুরের নকলা পৌরসভার মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগ ও বিএনপির নেতারা মেয়র হলেও নাগরিকদের উন্নত সেবা দেওয়ার ক্ষেত্রে তাঁরা কোনো উদ্যোগ নেননি। তাই দেড় দশক আগে প্রতিষ্ঠিত এই পৌরসভা কর আদায়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকলেও নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে।
নকলা পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভা ‘গ’ শ্রেণির। আয়তন ১৮ দশমিক ৮৯ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে ৩৩ হাজার ৮৬ জন বসবাস করে। ভোটার ২৩ হাজার ৬২৬ জন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার নাগরিকেরা ১০-১২ ধরনের সেবা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে: আবাসিক, শিল্প ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা; পথচারীদের সুবিধার জন্য যাত্রীছাউনী, সড়কবাতি, যানবাহনের পার্কিং স্থান ও বাসস্ট্যান্ড নির্মাণ করা এবং শিক্ষা, খেলাধুলা, চিত্তবিনোদনের ব্যবস্থা করা এবং পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধিকরণ।
শহরের ইশিবপুর এলাকার বাসিন্দা আইনজীবী মো. আনোয়ারুল কবীরসহ একাধিক নাগরিক বলেন, নকলা পৌরবাসী তাদের প্রাপ্ত অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ১২ ডিসেম্বর নকলা পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে এসব অভিযোগের সত্যতাও মিলেছে।
ভাঙাচোরা রাস্তা: নকলা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবদুল মোতালেব জানান, এ পৌরসভায় বিটুমিনাস কার্পেটিং (বিসি) সড়ক রয়েছে ৩২ কিলোমিটার। এর মধ্যে ৭ দশমিক ৫ কিলোমিটার ভালো, ৮ দশমিক ২ কিলোমিটার মোটামুটি ভালো এবং ১৬ দশমিক ৩০ কিলোমিটার খারাপ। পৌরসভায় পাকা সড়ক (আরসিসি) ৬ দশমিক ২৮৬ কিলোমিটার ও কাঁচা রাস্তা ৪৪ দশমিক ৩৪৪ কিলোমিটার। এর মধ্যে পাকা প্রায় পৌনে দুই কিলোমিটার ও কাঁচা ২২ কিলোমিটার রাস্তা ভালো নয়। এ ছাড়া কাঁচা ও আধা পাকা নালা (ড্রেন) আছে প্রায় ২০ কিলোমিটার। পৌর করসহ নানা খাতে এ পৌরসভার রাজস্ব আয় বছরে প্রায় এক কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৭০ শতাংশ।
পৌরসভা বেশির ভাগ সড়ক ভালো থাকার যে তথ্য দিয়েছে, তা ঠিক নয় বলে দাবি করেছেন শহরের কলাপাড়া এলাকার বাসিন্দা হারুন-অর-রশীদ। তিনি বলেন, শহরের দুই থেকে তিনটি সড়ক ছাড়া অধিকাংশ সড়কই খারাপ। এটি পৌরসভা হলেও শহরের চারপাশে বিশেষ করে কলাপাড়া, কায়দা, মমিনাকান্দা, লাভা ও চরকৈয়া এলাকায় অনেক কাঁচা সড়ক রয়েছে। বর্ষা মৌসুমে এসব রাস্তা কাদাপানিতে একাকার হয়ে থাকে।
সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ নকলা থানা গেট থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কটির অবস্থা খুবই নাজুক। দীর্ঘদিন সংস্কার না করায় এ সড়কে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
পানি নিষ্কাশনের ব্যবস্থা বেহাল: সরেজমিনে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র নকলা উত্তর বাজার থেকে কুর্শাবাদাগৈড় এলাকা পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য তৈরি নালাগুলো বর্জ্য আর আবর্জনায় ভরে আছে। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। নালা থেকে আসা ময়লা-আবর্জনা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে।
ইশিবপুর এলাকার জাহাঙ্গীর হোসেন বলেন, নকলা পৌর শহরের পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা খুবই নাজুক। সামান্য বৃষ্টি হলেই নকলা উত্তর বাজার থেকে সিনেমা হলপট্টির মোড় হয়ে কুর্শাবাদাগৈড় এলাকা পর্যন্ত পানিতে সয়লাব হয়ে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতার। তখন ময়লা-আবর্জনাযুক্ত পানি দোকান বা বাসাবাড়িতে ঢুকে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করে।
চরকৈয়া এলাকার ধান-চাল ব্যবসায়ী মো. শফিউল আলম বলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুচারচর টাঙ্গারকান্দা ও চরকৈয়া এলাকায় বিদ্যুৎ নেই। পৌর শহরের দুই থেকে তিনটি এলাকা ছাড়া অন্য কোথাও সড়কবাতি নেই। এতে রাতের বেলায় পথ চলতে গিয়ে এলাকাবাসী দুর্ভোগে পড়ে।
সরেজমিনে দেখা যায়, নকলা শহরের ওপর দিয়ে প্রতিদিন সহস্রাধিক যানবাহন চলাচল করে। কিন্তু দূরপাল্লার বাস বা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের বিশ্রামের জন্য কোনো যাত্রীছাউনি নেই। এ ছাড়া প্রতিবছর মশা ও কুকুর নিধনের জন্য অর্থ বরাদ্দ থাকলেও বাস্তবে এর কোনো কার্যক্রম দেখা যায় না।
এসব সমস্যার বিষয়ে নকলা পৌরসভার মেয়র মো. মোখলেছুর রহমান বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও জায়গার অভাবে বর্জ্য অপসারণকেন্দ্র স্থাপন করা যায়নি। তবে পৌর শহরের পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। নকলা থানা গেট থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কটির উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পৌরসভার উদ্যোগে পানি সরবরাহের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।