পানি সরবরাহ বন্ধ, সংকটে ৭৫ ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকায় ‘মাতৃছোঁয়া’ ছাত্রীনিবাসে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন ভবনের মালিক। এতে সংকটে পড়েছেন সেখানকার ৭৫ জন ছাত্রী। তাঁরা ঠিকমতো খাওয়া-দাওয়া ও পড়াশোনাও করতে পারছেন না।
ছাত্রীনিবাসটির ব্যবস্থাপনা পরিচালক আকবর খান বলেন, দুর্গম এলাকার ছাত্রীদের আবাসন সমস্যা নিরসনের জন্য তিনি ২০১৩ সালের অক্টোবরে মাসিক ৭২ হাজার টাকায় ‘নাছের কমপ্লেক্স ভবন’টি ভাড়া নিয়ে ‘মাতৃছোঁয়া’ ছাত্রীনিবাস গড়ে তোলেন। ভবনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় কক্ষ বরাদ্দ নিয়ে শতাধিক ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়। চুক্তিনামা অনুযায়ী ভাড়ার মেয়াদকাল শেষ হবে ২০১৮ সালের সেপ্টেম্বরে। কিন্তু গত রোববার ভবনের মালিক আবু নাছের পানি সরবরাহ বন্ধ করে দিয়ে ছাত্রীদের বেকায়দায় ফেলেন। বাথরুমও বন্ধ করে রেখেছেন। তিনি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ছিঁড়ে ফেলেন। অন্য কারও কাছে চড়া মূল্যে ভবনটি ভাড়া দেওয়ার জন্য তিনি এ কাজ করছেন। মাতৃছোঁয়া বন্ধ হলে অনেক ছাত্রী আবাসনসংকটে পড়বেন।
ভবনটির মালিক আবু নাছের বলেন, ‘ভবনের তিনতলার ব্যালকনিতে কাঠ জ্বালিয়ে এক শ জনের রান্না চলে। এতে ভবনের অবকাঠামো নষ্ট হচ্ছে। পুরো ভবনটা জঙ্গল বানিয়ে রেখেছে। ভাড়াও বাকি ছয় মাসের। তাই ভবন ছেড়ে দিতে বলেছি। এখন পানি সরবরাহ বন্ধ, ভবিষ্যতে বিদ্যুৎও বন্ধ করব।’
গতকাল বুধবার দুপুরে পাঁচতলা ওই ভবনে গিয়ে দেখা যায়, ছাত্রীরা বালতি নিয়ে পানির জন্য ছুটছেন। কেউ বাইরের রেস্তোরাঁ থেকে খাবার কিনে আনছেন।
৭০ কিলোমিটার দূরে চকরিয়ার বাটাখালী গ্রাম থেকে এসে ছাত্রীনিবাসে থেকে লেখাপড়া করছে রুম্পা দাশ। সে কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পানিসংকটসহ নানা সমস্যায় সে কয়েক দিন ধরে কলেজে যেতে পারছে না। প্রাইভেট পড়াও বন্ধ।
একই অভিযোগ করেন চিং মারমা, সাবরিনা মোমতাহা, নাসরিন জাহান, শামিমা আকতার, মেহেরীন জান্নাত, শাকেরাতুন মোস্তফাসহ অনেক ছাত্রী। তাঁরা কক্সবাজার সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, কমার্স কলেজ, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ছেন।
মাতৃছোঁয়ার তত্ত্বাবধায়ক রেবেকা খানম বলেন, নিবাসে ছাত্রী থাকেন ৭৫ জন। পানি সরবরাহ বন্ধ থাকায় কয়েক দিন ধরে রান্নাবান্না ঠিকমতো হচ্ছে না। খাবার পানিও কিনে খেতে হচ্ছে। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছাত্রীরা পড়ালেখার জন্য বাইরে যেতে পারেন। এরপর বাকি সময় তাঁদের নিবাসেই থাকতে হয়।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালামত উল্লাহ বলেন, ‘তিনি গতকাল মাতৃছোঁয়া পরিদর্শন করেছেন। সেখানে পানির জন্য মেয়েদের সমস্যা হচ্ছে। অনেকের পড়ালেখা হচ্ছে না। কেউ কেউ অসুস্থ। এ ব্যাপারে ভবনের মালিকের সঙ্গে কথা বলেছি। দুপক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা দূর করার চেষ্টা চলছে।’