পানি সরানোর দাবি করায় রক্ত ঝরল ভবদহবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘরের মদ্দি জল। থাকা যাচ্ছে না। জল সরানোর দাবিতে আইছেলাম। পুলিশের লাঠির বাড়ি খেয়ে ফিরে যাচ্ছি।’
কথাগুলো যশোরের অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের আরতি সরকারের (৫৮)। জলাবদ্ধ ভবদহ এলাকার পানি সরানোর দাবিতে গতকাল অভয়নগর নওয়াপাড়ায় জড়ো হওয়া কয়েক হাজার নারী-পুরুষের একজন তিনি। দুই মাসের বেশি সময় ধরে তাঁদের বাড়িঘরে পানি জমে আছে। সেই পানি সরানোর দাবিতে এসে বাড়ি ফিরেছেন পুলিশের হামলার শিকার হয়ে। হামলায় রক্তাক্ত হয়েছেন অর্ধশতাধিক নারী-পুরুষ। আহত হয়েছেন দুই সাংবাদিকও। পুলিশ অবশ্য বলছে, এসব মানুষের প্রতিবাদ ‘শান্তিপূর্ণ ছিল না’।
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার একটি বড় অংশ নিয়ে ভবদহ অঞ্চল। এ অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে পানিনিষ্কাশন, অবিলম্বে বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম) চালু, আমডাঙ্গা খাল প্রশস্তকরণ ও সংস্কার, ভবদহ এলাকার মানুষের খাদ্যনিরাপত্তা, পুনর্বাসন নিশ্চিতকরণসহ ৬ দফা দাবিতে গতকাল বুধবার নওয়াপাড়ায় রাজপথ-রেলপথ অবস্থান কর্মসূচির ডাক দেয় ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি। গত শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল থেকে পানিবন্দী কয়েক হাজার নারী-পুরুষ পায়ে হেঁটে ও ইঞ্জিনচালিত ভ্যানে করে নওয়াপাড়ায় আসেন। পথে বিভিন্ন জায়গায় পুলিশ তাঁদের বাধা দেয়। নওয়াপাড়া নূরবাগ, স্টেশনবাজার, স্বাধীনতা চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকা পুলিশ আগে থেকেই নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে জনতা নওয়াপাড়ায় পশু হাসপাতালের মোড়ে সমবেত হন। বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল সড়ক দিয়ে তাঁরা ‘পানি সরাও, জীবন বাঁচাও’, ‘মানুষ বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগান দিতে দিতে নওয়াপাড়া নূরবাগ এলাকার দিকে যাচ্ছিলেন। মিছিলটি স্বাধীনতা চত্বরের কাছে পৌঁছালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ বাধা দেয়। সঙ্গে সঙ্গে মিছিলের মানুষ সড়কের ওপর বসে পড়েন। এ সময় পুলিশ তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। পুলিশ তাঁদের পিছু নেয়। প্রায় ৩০ মিনিট ধরে দফায় দফায় তাঁরা নারী-পুরুষনির্বিশেষে বেধড়ক লাঠিপেটা করে। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়কের ওপর গাড়ির টায়ার জ্বালিয়ে দেন। লাঠিপেটায় ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আহ্বায়ক রণজিত কুমার বাওয়ালীসহ অর্ধশত মানুষ আহত হন। এ সময় দৈনিক আমাদের সময় পত্রিকার অভয়নগর প্রতিনিধি চৈতন্য কুমার পাল এবং খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর প্রতিনিধি শেখ আতিয়ার রহমান আহত হন। আহত লোকজনের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় রাজু মণ্ডল, বিধান টীকাদার এবং শিবপদ বিশ্বাসকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইকবাল কবির জাহিদ বলেন, প্রায় দুই মাস ধরে ভবদহ এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছেন। তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু এখন পর্যন্ত পানি সরানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ বিনা কারণে পানিবন্দী মানুষের ওপর তাণ্ডব চালিয়েছে। মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে আন্দোলন বন্ধ করা যাবে না।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সরকার ভবদহ এলাকার পানি সরানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে অনেকটা পানি সরে গেছে। তারপরও তাঁরা আন্দোলন করছে। ওসি বলেন, ‘তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল না। তাঁরা মিছিল থেকে পুলিশের ওপর অ্যাগ্রেসিভ (আক্রমণাত্মক) হয়ে ওঠেন। এরপর আমরা তাঁদের লাঠিপেটা করেছি।’
এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে সংগ্রাম কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার যশোর, মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরে প্রতিবাদ সমাবেশ, আগামী ১৩ অক্টোবর খুলনায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে (যশোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ) স্মারকলিপি প্রদান এবং আগামী ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।