পানি সরানোর দাবি তুলে পা ভেঙে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিধান চন্দ্র টিকাদার। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিধান চন্দ্র টিকাদার। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো

বাঁ পায়ের পুরোটায় ব্যান্ডেজ। গত সোমবার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। তীব্র যন্ত্রণায় মাঝেমধ্যেই কুঁকড়ে উঠছেন বিধান চন্দ্র টিকাদার। তাঁর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার বেদভিটা গ্রামে।

ভবদহ অঞ্চলের আর দশটি গ্রামের মতো বেদভিটাও জলমগ্ন। পানি সরানোর দাবি নিয়ে অন্যদের সঙ্গে বিধানও উপজেলা সদর নওয়াপাড়ায় গিয়েছিলেন। পুলিশের লাঠির বাড়িতে পা ভেঙে ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় শুয়ে বিধান গত বৃহস্পতিবার বলেন, ‘ঘরের মদ্যি জল। জল সরানোর জন্যি গিছিলাম। জল সরানো দূরি থাক উল্টো পুলিশ আমারে লাঠি দিয়ে মারে পঙ্গু করে দেছে। ১৫ দিন হাসপাতালে শুয়ে আছি। সংসার ঠিকমতো চলছে না।’

ভবদহ অঞ্চল থেকে দ্রুত পানি নিষ্কাশন ও বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম) চালুসহ ছয় দফা দাবিতে রাজপথ-রেলপথে অবস্থান কর্মসূচির ডাক দেয় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। এতে সাড়া দিয়ে ৫ অক্টোবর কয়েক হাজার নারী-পুরুষ জড়ো হয়েছিলেন নওয়াপাড়ায়। তখন পুলিশের বেদম পিটুনিতে আহত হন বিধানসহ অর্ধশতাধিক নারী-পুরুষ ও স্থানীয় দুই সাংবাদিক। গুরুতর আহত হওয়ায় বিধানসহ চারজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বিধান ছাড়া তিনজন যশোরে চিকিৎ​সা নিয়ে বাড়ি ফিরেছেন।

সংগ্রাম কমিটি বলছে, সেদিন শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ। এ অভিযোগের বিষয়ে প্রথম আলো গতকাল শনিবার মুঠোফোনে জানতে চাইলে অভয়নগর থানার ওসি আনিসুর রহমান বলেন, তিনি সামনাসামনি ছাড়া কোনো কথা বলবেন না। এরপর তিনি সংযোগ কেটে দেন।

অভয়নগরের সরখোলা গ্রামের ইন্তাজ আলী মোল্যা এখনো হাঁটেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই প্রতিবেদক সরখোলায় গেলে ইন্তাজ বলেন, ‘শরীরের বিভিন্ন অংশে আঘাতের যন্ত্রণা। ডান পায়ের গোড়ালি ফুলে আছে। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারি না। কোনো কাজও করতে পারি না।’ দিঘলিয়া গ্রামের আমেনা বেগম বলেন, ‘পিঠে পুলিশের লাঠির বাড়ি আর বুকে লাথির আঘাত নিয়ে বাড়িতে পড়ে আছি।’

বারান্দী গ্রামের রশিদা বেগমের পিঠে পড়েছিল পুলিশের লাঠির বাড়ি। এখনো প্রচণ্ড ব্যথা। কাজ করতে কষ্ট হয় তাঁর। মনিরামপুর উপজেলার পাড়িয়ালী গ্রামের রাজু আহমেদ বলেন, ‘সারা শরীরে লাঠির বাড়ির ব্যথা। সবচেয়ে খারাপ অবস্থা কোমরের। ঠিকমতো চলাফেরা করতে পারছি না।’ আহত দুই সাংবাদিকের একজন চৈতন্য কুমার পাল জানালেন, তাঁর হাত-পায়ের আঘাতের জায়গাগুলো শক্ত হয়ে আছে। সেই সঙ্গে আছে যন্ত্রণা।

লাঠির আঘাতে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালীর শরীরের বাঁ পাশ অবশ হয়ে আছে। তিনি বললেন, ‘শুয়ে-বসে সময় কাটাচ্ছি। মাঝেমধ্যে অনেক কষ্ট করে সংগ্রাম কমিটির মিটিংয়ে যাচ্ছি।’ লাঠিপেটায় গুরুতর আহত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তিন-চার দিন ভর্তি ছিলেন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদও। তাঁর বাঁ কান ক্ষতিগ্রস্ত হয়েছে। পিঠে এখনো যন্ত্রণা।তিনি বলেন, ভবদহের পানিবন্দী মানুষ প্রায় দুই মাস অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। কিন্তু পানি সরাতে এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ জন্যই কর্মসূচি দেওয়া হয়েছিল। পুলিশ অকারণে শান্তিপূর্ণ কর্মসূচিতে তাণ্ডব চালায়। তিনি অভয়নগর থানার ওসির অপসারণ দাবি করেন।