
রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় শহর রক্ষা বাঁধের সংস্কারকাজ চলছে প্রায় পানির ভেতরে। বাঁধের ঢালে জিও টেক্সটের ওপর ব্লক বসানোর কাজ চলছে। এখন পদ্মায় পানি বাড়ছে। এক মাথায় ব্লক বসানো হচ্ছে আর অন্য মাথা পানিতে ডুবে যাচ্ছে। পানির মধ্যেই আন্দাজে ব্লক বসিয়ে দেওয়া হচ্ছে।
পাশেই আবার নতুন করে ভাঙন দেখা দিচ্ছে। ভাঙন ঠেকানোর সরকারি কোনো তৎপরতা নেই।
তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পানি নেমে গেলে খারাপ জায়গাগুলো তারা ঠিকাদারকে দিয়ে ঠিক করে দেবে। আর নতুন ভাঙন ঠেকানোর জন্য কোনো বরাদ্দ এখনো পাওয়া যায়নি।
নগরের শ্রীরামপুর এলাকায় জেলা পুলিশ লাইনসের অবস্থান। এর ঠিক দক্ষিণ পাশেই শহর রক্ষা বাঁধ। মাঝখানে শুধু একটি রাস্তা। জেলা পুলিশের পক্ষ থেকে বাঁধ ও বাঁধের দক্ষিণ পাশে একটি চত্বর নিয়ে সৌন্দর্য বর্ধনের জন্য চমৎকার আয়োজন করা হয়েছিল। গত ১৭ সেপ্টেম্বর এই বাঁধে ভাঙন দেখা দেয়। বাঁধের নিচে লাগানো নারকেলগাছের সারি পদ্মাগর্ভে চলে যায়। এরপর বাঁধের ব্লক খুলে নদীর ভেতরে পড়ে যেতে থাকে। ভাঙন ঠেকাতে সে সময় জরুরি ভিত্তিতে ১০ হাজার জিও ব্যাগ ফেলা হয়। এরপর পানি নেমে গেলেও গত নয় মাসে ভাঙা বাঁধ সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পাউবো সূত্রে জানা যায়, বাঁধের ১৫১ দশমিক ৭৫ মিটার জায়গা সংস্কারের জন্য ১ কোটি ৪১ লাখ টাকার বরাদ্দ পাওয়া যায়। এই সংস্কারকাজের কার্যাদেশ দেওয়া হয় গত মে মাসে। ৩০ জুলাইয়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ইতিমধ্যে নদীতে পানি চলে এসেছে। পানির ভেতরেই তাড়াহুড়া করে এই কাজ করা হচ্ছে। গত রোববার বিকেলে গিয়ে দেখা যায়, জিও টেক্সটের ওপর ব্লক বসানোর কাজ চলছে। কিন্তু একদিকে ব্লক বসানো হচ্ছে, আরেক দিক দিয়ে পানি উঠে সেই ব্লক ডুবে যাচ্ছে। আবার তাড়াহুড়া করে ব্লক নামানোর সময় জিও টেক্সট ছিঁড়েও যাচ্ছে। এ অবস্থায় পানির মধ্যে যেনতেনভাবে ব্লক ফেলা হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই নদীর পানি বাড়ছে।
পাউবোর হাইড্রোলজি বিভাগ সূত্রে জানা গেছে, নগরের বড়কুঠি পয়েন্টে গত রোববার পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ৬৪ মিটার। গতকাল সোমবার এই উচ্চতা দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৩ মিটারে।
এই সংস্কারকাজ দেখাশোনা করছেন রাজশাহী পাউবোর উপসহকারী প্রকৌশলী সরকার মো. রুহুল আমিন। গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁদের ব্লক এখন পানির চার সারি ওপরে রয়েছে। আজ (সোমবার) বৃষ্টির কারণে নতুন ব্লক বানানো সম্ভব হয়নি। তা ছাড়া পানি বাড়ার আগে আগেই তাঁরা কাজ শেষ করতে পারতেন।
শ্রীরামপুরের প্রায় ৫০০ মিটার পশ্চিমে নগরের বুলনপুর এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন এলাকা থেকে শহর রক্ষা বাঁধ মাত্র ১৫ থেকে ২০ গজ দূরে রয়েছে। বাঁধের দক্ষিণ পাশে রয়েছে শতাধিক পাকা ঘরবাড়ি। একটি পাকা বাড়ির মাত্র কয়েক হাত দূরে ভাঙছে পদ্মা নদী। সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় বাড়ির মালিক রিয়াজুল ইসলাম নিজেই বাঁশের বেড়া দিয়ে প্রায় ১৫০টি বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। রিয়াজুল ইসলাম বলেন, তিনি পেশায় একজন জেলে। আট-নয় বছর আগে নদী অনেক দূরে ছিল। তখন তিনি এই জমি কিনে বাড়ি করেছিলেন। এখন পাউবো এগিয়ে না এলে তাঁর বাড়ি বাঁচানোর কোনো উপায় নেই। তাঁর যাওয়ারও কোনো জায়গা নেই।
জানতে চাইলে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, এই সংস্কারকাজের জন্য কোনো বরাদ্দই ছিল না। অনেক লেখালেখি করে ১ কোটি ৪১ লাখ টাকার বরাদ্দ পাওয়া যায়। এটা সময়মতো না পাওয়ার জন্য কার্যাদেশ দিতে বিলম্ব হয়েছে। তিনি বলেন, পরে কোনো ত্রুটি ধরা পড়লে ঠিকাদারকে দিয়ে ঠিক করে নেওয়া হবে। আর বুলনপুরের ভাঙন প্রতিরোধের জন্য ২৬৮ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। এ কাজেই তিনি ঢাকায় রয়েছেন।