পানিতে কাদা, কমেছে ওয়াসার উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী ও হালদা নদীর পানিতে কাদামাটির পরিমাণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন কমে গেছে। গতকাল শনিবার ২৮ শতাংশ কম হয়েছে পানির গড় উৎপাদন। এর আগে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে। ফলে এক সপ্তাহ ধরে নগরের কিছু এলাকায় পানিসংকট দেখা দিয়েছে। পরিস্থিতির পুরোপুরি উন্নতি হতে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ওয়াসার প্রকৌশলীরা।

চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, গত মঙ্গলবার ওয়াসার দুটি পানি শোধনাগারের উৎপাদন হঠাৎ সাড়ে ১০ কোটি লিটার কমে যায়, যা মোট উৎপাদনের ৪৬ শতাংশ। গত শুক্রবার পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। টানা বর্ষণে পাহাড়ধসের কারণে কর্ণফুলী ও হালদা নদীর পানি মাত্রাতিরিক্ত ঘোলা হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাভাবিক অবস্থায় রাঙ্গুনিয়ায় শেখ হাসিনা পানি শোধনাগারে ১৪ কোটি ও মোহরায় ৯ কোটি লিটার পানি উৎপাদন হয়।

এর মধ্যে রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ও মোহরায় হালদা নদীর পানি পরিশোধন করা হয়। গতকাল রাঙ্গুনিয়ায় উৎপাদন হয় ৯ কোটি ও মোহরায় ৮ কোটি লিটার। এ ছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাঙ্গুনিয়ায় ৫ কোটি ও মোহরায় উৎপাদন হয় সাড়ে ৭ কোটি লিটার। তবে গতকাল থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, কাদা পরিশোধন করে পানি সরবরাহ করা কঠিন হয়ে গেছে। নদীর পানিতে টারবিডিটি ইউনিট (ঘোলার একক) ৫ হলে পরিশোধন ও সরবরাহ কাজ স্বাভাবিক থাকে। তখন সর্বোচ্চ ২৩ কোটি লিটার পানি পরিশোধন করে সরবরাহ করা সম্ভব হয়। কিন্তু মঙ্গলবার থেকে টানা চার দিন ঘোলার একক ১৫ পর্যন্ত উন্নীত হয়। এতে উৎপাদন কমে যায়। তবে গতকাল শনিবার ঘোলার একক ১০-এ নেমে এসেছে। বৃষ্টি থামলে সমস্যা কেটে যাবে।

এদিকে ওয়াসার পানি উৎপাদন কমে যাওয়ায় নগরের আগ্রাবাদ, হালিশহর, ঈদগাঁ, ডিটি রোড, লালখানবাজারসহ কয়েকটি এলাকায় পানিসংকট দেখা দিয়েছে। কিছু এলাকায় রেশনিং করে পানি সরবরাহ দিচ্ছে চট্টগ্রাম ওয়াসা। এতে কিছু এলাকার মানুষের কষ্ট হচ্ছে। যদিও নগরের অনেক বাড়িতে নিজস্ব ব্যবস্থাপনায় গভীর নলকূপ থেকে পানি উঠিয়ে চাহিদা মেটানো হচ্ছে।

নগরের লালখানবাজার এলাকার বাসিন্দা ও বেসরকারি সংস্থায় কর্মরত নাজিয়াত ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার সকাল থেকে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। রিজার্ভারের জমানো পানি রেশনিং করে ব্যবহার করা হচ্ছে।

হালিশহরের ঈদগাঁ এলাকার গৃহিণী ফিরোজা বেগম বলেন, ওয়াসার পানি সরবরাহ মঙ্গলবার থেকে তিন দিন বন্ধ ছিল। এখন একবেলা দেওয়া হচ্ছে। কিন্তু রমজান মাসে পানি কম পাওয়ায় গৃহস্থালির কাজে সমস্যা হচ্ছে।