পানিতে কেঁচো, ডায়রিয়ার প্রকোপ
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকায় সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা পানিতে মিলছে কেঁচোসহ নানা ময়লা-আবর্জনা। দুর্গন্ধের কারণে ফুটিয়েও পানি পান করা যাচ্ছে না। এ কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। প্রতিদিন গড়ে তিনজন ডায়রিয়ার রোগী টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে।ময়লা পানির ব্যাপারে কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসীর অনেকে। তাই অবস্থাপন্ন পরিবারগুলো ব্যক্তিগত উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করে পানির সমস্যা দূর করেছে।সরেজমিনে জানা গেছে, সাবেক টঙ্গী পৌরসভার পশ্চিম আরিচপুর, গাজীবাড়ি, মাছিমপুর, মধুমিতা, আউচপাড়ার কলেজ রোড ও সফিউদ্দিন রোড এলাকার পানিতে কেঁচোসহ নানা ময়লা-আবর্জনা মিলছে। লোকজন ময়লা পানি ছেঁকে তা ফুটিয়ে পান করে। কোনোদিন দুর্গন্ধযুক্ত পানি এলে তা ফুটিয়েও পান করা যায় না। যেসব বাসায় গ্যাসের সংযোগ নেই, সেসব বাসার লোকেরা সাধারণত পানি না ফুটিয়েই পান করছে। মূলত তারাই ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।মাছিমপুরের সুন্দরবন হোটেলের মালিক নজিম সরকার জানান, ময়লা পানি পান করা তো দূরের কথা, ওই পানি দিয়ে কাপড় ধোয়ার পর কাপড়ও গন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে তিনি নিজ খরচে গভীর নলকূপ স্থাপন করেছেন।পশ্চিম আরিচপুর এলাকার বাসিন্দা আবদুল কাদের মুন্সি জানান, তাঁর বাড়ির পানিতে মরা কেঁচো পাওয়া গেছে। দুর্গন্ধযুক্ত পানি পান করে ইতিমধ্যেই তাঁর স্ত্রী, ভাড়াটে জোবায়ের, মো. আবু তাহের ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। কর্তৃপক্ষকে জানালে তাদের কথামতো বাড়ির জলাধার (ট্যাংকি) পরিষ্কার করা হয়েছে। তবু দুর্গন্ধযুক্ত ও ময়লা পানি আসছে।ময়লা পানি পান করে ১৪ এপ্রিল থেকে ডায়রিয়ায় ভুগছেন গাজীবাড়ি এলাকার আনোয়ারের বাড়ির ভাড়াটে হুমায়ুন। তিনি বলেন, একই কারণে তাঁদের বাড়ির মনজুর ও শামীম দুই মাস আগে ডায়রিয়ায় আক্রান্ত হন।এক মাস আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আউচপাড়ার কলেজ রোড এলাকার মো. মনিরের বাড়ির ভাড়াটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রাসেল।টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুনুর রশিদ গত বুধবার প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার টঙ্গীর গাজীবাড়ি এলাকার লিজা, মরকুনের ইসরাফিল, কলেজগেটের সোহেল আহমেদ, ফকির মার্কেটের মরিয়ম, বনমালা রোডের আমেনা বেগম এবং গত বুধবার মরকুনের গিয়াস উদ্দিন ব্যাপারী ও গাজীপুরার কামরুন্নাহার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এভাবে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন গড়ে তিনজন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে আসছে বলে তিনি জানান।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইসমাইল হোসেন সিরাজী জানান, দূষিত পানি পানের কারণে ডায়রিয়া, আমাশয়, জ্বর ও জন্ডিসের মতো মারাত্মক রোগ হতে পারে। তিনি সবাইকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেন।দূষিত পানির ব্যাপারে কথা হয় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমানের সঙ্গে। তিনি প্রথম আলোকে জানান, পানিতে ময়লা-আবর্জনা থাকার অভিযোগ সত্য নয়। মূলত বাড়ির মালিকদের ব্যক্তিগত জলাধার (ট্যাংক) অপরিষ্কার থাকায় পানিতে ময়লা-আবর্জনা আসে। অন্যদিকে মাছিমপুর এলাকায় একটি আবাসন প্রতিষ্ঠান রাস্তার পাশে খোঁড়াখুঁড়ির কাজ করার সময় পানির লাইনে ছিদ্র হয়। সে কারণে ওই এলাকায় সরবরাহ করা পানিতে ময়লা-আবর্জনা ছিল। বর্তমানে পানির লাইন মেরামত করায় সে সমস্যা আর নেই।