বাড়ির কয়েক ফুট দূরেই বয়ে যাচ্ছে মহেন্দ্রীছড়া। ছড়ার ভাঙন ঠেকাতে দেওয়া প্রতিরক্ষা দেয়ালে দুষ্টুমির ছলে উঠেছিল বৈশাখী ও লিজা নামের দুই শিশু। তাল সামলাতে না পেরে ছড়ার পানিতে পড়ে যায় দুজনেই। চিৎকার শুনে দৌড়ে আসেন বৈশাখীর মা। শিশু দুটোকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেন তিনি। কিন্তু প্রবল স্রোতে দুই শিশুর সঙ্গে তিনিও ভেসে যান। পরে তাঁকে জীবিত উদ্ধার করা গেলেও মিলেছে তাঁর কন্যার লাশ। পানিতে ভেসে নিখোঁজ রয়েছে অন্য শিশুটি।
গতকাল রোববার সকালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম বৈশাখী আক্তার (১০)। নিখোঁজ শিশুর নাম লিজা আক্তার (১০)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈশাখী ও লিজা পাশাপাশি ঘরের বাসিন্দা। গতকাল ভোরে ভারী বৃষ্টি হওয়ায় ছড়ায় প্রবল স্রোত ছিল। ওই পানিতেই শিশু দুটি পড়ে যায়। বৈশাখীর মা কোহিনুর আক্তার পানিতে ঝাঁপ দিয়েও তাদের উদ্ধার করতে পারেননি। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে অন্তত এক শ ফুট দূরে ছড়ার ওপর বাঁশ ঝাড়ে আটকানো অবস্থায় কোহিনুর ও তাঁর মেয়ে বৈশাখীকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৈশাখীকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে নিখোঁজ শিশু লিজার খোঁজে সকাল সোয়া ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তারা অভিযান চালায়। কিন্তু শিশুটির খোঁজ পাওয়া যায়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জাকের হোসেন প্রথম আলোকে বলেন, রোববার রাতের মধ্যে শিশুটির খোঁজ পাওয়া না গেলে সোমবার আবারও অভিযান চালানো হবে।
হাটহাজারী পৌরসভার মীরেরখীল আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দীন মানিক বলেন, নিহত বৈশাখী ও নিখোঁজ লিজা স্থানীয় আমাতুন নূর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।