পানিতে ডুবে আছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলক্রসিং থেকে কাউলা এলাকা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সার্ভিস সড়কটি বেশ কিছুদিন ধরে জলাবদ্ধ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের জন্য পাশের জলাধার ভরে ফেলায় বৃষ্টির পানি সড়কে জমে থাকছে। সড়কটিতে পানি নিষ্কাশনের নালা বসানোর কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর পুলিশ বক্সের পেছনে ঢাকা-ময়মনসিংহ সড়কের সার্ভিস রোড। সার্ভিস রোডটি চলে গেছে কাউলা পর্যন্ত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই সার্ভিস সড়কের পাশেই ছিল জলাধার। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের জন্য জলাধার ভরাট করা হয়। বৃষ্টির পানি এই জলাধারে নামত। জলাধার ভরাট হওয়ায় বৃষ্টির পানি সড়কেই জমে থাকছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর পুলিশ বক্সের পেছনে রীতিমতো ছোটখাটো পুকুর। কয়েক দিন আগে হওয়া বৃষ্টির পানি সড়কে জমে আছে। জমে থাকা পানি যাতে বিমানবন্দর রেলক্রসিং–সংলগ্ন সড়কে চলে না আসে সে জন্য
বালুর বস্তা, ইট দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। সড়কে পায়ে হেঁটে চলারও উপায় নেই। ফলে বিমানবন্দর থেকে লোকজন বেশ ঘুরে অন্য পথে
কাউলা যাচ্ছেন।
বিমানবন্দর পুলিশ বক্সে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সার্ভিস সড়কটিতে মাস খানেক ধরে পানি জমে আছে। দায়িত্বরত সংস্থাকে একাধিকবার জানানো হয়েছে। বর্তমানে সড়কের পানি নিষ্কাশনের নালা তৈরির কাজ শুরু হয়েছে।
দেখা যায়, জলাশয় ভরাট করা হলেও জলাশয়ে ময়লা না ফেলার নির্দেশসংবলিত সাইনবোর্ড সড়কের পাশে লাগানো আছে। জমে থাকা পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে পচা, দুর্গন্ধ ছড়াচ্ছে। কয়েক জায়গায় ইট, বালুর বস্তা ফেলে সড়ক পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে ৮ হাজার ৯০০ কোটি টাকা খরচে এটি নির্মিত হচ্ছে। তিন ধাপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ সম্পন্ন হবে। প্রথম ধাপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত এবং তৃতীয় ধাপে মগবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এক্সপ্রেসওয়েটি নির্মিত হবে রেললাইনের পাশ দিয়ে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিমানবন্দর রেলক্রসিং থেকে কাউলা পর্যন্ত প্রায় ৪০০ মিটার পানি নিষ্কাশনের নালা তৈরির কাজ শুরু হয়েছে। নিষ্কাশন নালা হলে সড়কের পানি খিলক্ষেত বনরূপা এলাকার খালে গিয়ে পড়বে। সড়কে জমে থাকা পানি সরাতে বিশেষ পাম্প বসানো হয়েছে। তবে সামান্য বৃষ্টি হলেই সড়কে কয়েক দিন ধরে পানি জমে থাকছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস প্রথম আলোকে বলেন, ভিআইপি সড়কের পাশে এভাবে পানি জমে থাকুক, এটা কেউ চায় না। দায়িত্বরত কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাম্প বসিয়ে পানি সরিয়ে নেবে। সড়কে পানি নিষ্কাশনের পাইপ বসানোর কাজ শুরু হয়েছে।